শীতেও প্যাস্টেলেই বাজিমাত! অনন্যার লুকে ফ্যাশনের নতুন ট্রেন্ড

শীতের ফ্যাশনে নতুন দিগন্ত দেখাচ্ছেন অনন্যা পান্ডে। গাঢ় রঙের বদলে হালকা পেস্টেল শেডেই তিনি শীতের স্টাইলকে নতুন মাত্রা দিয়েছেন। জানুন তাঁর এই ট্রেন্ডি লুকের খুঁটিনাটি।

Share:

ব্যুরো নিউজ, ১৬ নভেম্বর ২০২৬: শীতকাল মানেই গাঢ় রং, কালো, বাদামি কিংবা মেরুনের দাপট! কিন্তু সেই চেনা ফ্যাশন ধারণাতেই বদল আনলেন বলিউড অভিনেত্রী অনন্যা পাণ্ডে। হালকা আইভরি, ব্লাশ পিঙ্ক আর মভ রঙের মেলবন্ধনে তাঁর নতুন সাজ বুঝিয়ে দিল, শীতেও প্যাস্টেল রঙ হতে পারে স্টাইল স্টেটমেন্ট।

সম্প্রতি দিল্লির একটি অনুষ্ঠানে অনন্যাকে দেখা যায় ভারতীয় ডিজাইনার কার্তিক রিসার্চ-এর ২০২৬ সালের অটাম-উইন্টার কালেকশনের পোশাকে। তাঁর পরনে ছিল চিঁৎজ কাপড়ের তৈরি আইভরি রঙের ব্যান্ডগালা জ্যাকেট। হাতে করা সূক্ষ্ম এমব্রয়ডারি ও কারুকাজ জ্যাকেটটিকে দিয়েছে অভিজাত চেহারা। সঙ্গে ছিল লম্বা ব্লাশ-পিঙ্ক ও মভ রঙের স্কার্ট। গোটা স্কার্টজুড়ে ছোট ছোট এমব্রয়ডারি ও সিকুইনের কাজ নজর কেড়েছে।

সেলিব্রিটি স্টাইলিস্ট প্রিয়াঙ্কা কাপাডিয়া বাদানি তাঁর সাজ সম্পূর্ণ করেছেন সূর্যের আদলে তৈরি স্টেটমেন্ট কানের দুল ও সোনালি জুতোয়। চুলে ছিল পরিপাটি স্লিক বান, আর মেকআপ ছিল একেবারেই মিনিমাল—যা তাঁর ‘ক্লিন গার্ল’ লুককে আরও আকর্ষণীয় করে তুলেছে।

জানা গিয়েছে, অনন্যার পরা জ্যাকেটটির দাম প্রায় ১,২৭,২৩১ টাকা। অর্থাৎ, প্যাস্টেল রঙের পাশাপাশি বিলাসবহুল কারুকাজও তাঁর এই সাজের অন্যতম আকর্ষণ।

সব মিলিয়ে, শীতের ফ্যাশনে এবার গাঢ় রঙের একঘেয়েমি কাটিয়ে প্যাস্টেলেই বাজিমাত করার পালা!