পরিচালক অনীক দত্তের মৃত্যু: সুইসাইড নোট উদ্ধার, ময়নাতদন্তের প্রাথমিক রিপোর্টে চাঞ্চল্যকর তথ্য

পরিচালক অনীক দত্তের মৃত্যুতে শোকস্তব্ধ টলিউড। উদ্ধার সুইসাইড নোট, প্রাথমিক ময়নাতদন্তের রিপোর্টে মিলল চাঞ্চল্যকর তথ্য। পুলিশি তদন্ত জারি।

Share:

ব্যুরো নিউজ, ২৮ মে ২০২৬ঃ পরিচালক অনীক দত্তের আকস্মিক মৃত্যুতে শোকস্তব্ধ টলিউড। বুধবার দুপুরে হিন্দুস্তান পার্কের নিজের বাড়ির ছ তলার ছাদ থেকে পড়ে তাঁর মৃত্যু হয়। দ্রুত তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হলেও শেষরক্ষা হয়নি। এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। পুলিশি তদন্তে ছাদ থেকে একটি সুইসাইড নোট উদ্ধার হয়েছে, যেখানে লেখা ছিল, ‘এই ঘটনার জন্য কেউ দায়ী নয়’। প্রাথমিকভাবে এটি আত্মহত্যার ঘটনা বলে মনে করা হলেও, পুলিশ এখনও নিশ্চিতভাবে কিছু জানায়নি। বুধবার দুপুরেই অনীক দত্তের দেহ ময়নাতদন্তের জন্য এসএসকেএম হাসপাতালে পাঠানো হয়। প্রাথমিক রিপোর্টে একাধিক গুরুত্বপূর্ণ তথ্য উঠে এসেছে।

হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, পরিচালকের দেহে বেশ কিছু জায়গায় গভীর আঘাতের চিহ্ন মিলেছে, বিশেষ করে মাথা ও ঘাড়ের অংশে গুরুতর ক্ষত ছিল। চিকিৎসকদের প্রাথমিক ধারণা, অতিরিক্ত রক্তক্ষরণই তাঁর মৃত্যুর অন্যতম কারণ হতে পারে। শরীরের বিভিন্ন স্থানে ক্ষত থাকায় রহস্য আরও ঘনীভূত হয়েছে। এই মর্মান্তিক ঘটনায় শোকপ্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তিনি পিজি হাসপাতালে পৌঁছে প্রশাসনকে নির্দেশ দেন যাতে অনীক দত্তের শেষকৃত্যের কাজ নির্বিঘ্নে সম্পন্ন হয়। মুখ্যমন্ত্রী তাঁর শোকবার্তায় অনীক দত্তের বাংলা সিনেমার জগতে অবদানের কথা উল্লেখ করেন। পুলিশ ঘটনার তদন্ত চালিয়ে যাচ্ছে।