ছাত্রদের পাশে দাঁড়িয়ে ফের বিস্ফোরক অরিজিৎ সিং: ‘আমার গান না শুনলেও যায় আসে না’

দিল্লির ছাত্র আন্দোলনে সমর্থন জানিয়ে ফের বিতর্কে অরিজিৎ সিং। সমালোচনার মুখেও নিজের অবস্থানে অনড় গায়ক, বললেন, 'আমার গান না শুনলেও যায় আসে না'।

Share:

ব্যুরো নিউজ, ২২ জুলাই ২০২৬ : জনপ্রিয় গায়ক অরিজিৎ সিং ফের বিতর্কের কেন্দ্রে। দিল্লির ছাত্র আন্দোলনে সমর্থন জানিয়ে এবং পুলিশের লাঠিচার্জের তীব্র নিন্দা করে তিনি সোশ্যাল মিডিয়ায় যে মন্তব্য করেছিলেন, তা নিয়ে শুরু হয়েছে সমালোচনার ঝড়। তবে এই সমালোচনা সত্ত্বেও নিজের অবস্থানে অনড় গায়ক।তিনি স্পষ্ট জানিয়ে দিয়েছেন, তাঁর গান কেউ না শুনলেও তাঁর কিছু যায় আসে না।

সূত্রের খবর, সম্প্রতি যন্তরমন্তরে ছাত্র বিক্ষোভকারীদের উপর পুলিশের লাঠিচার্জের ঘটনায় ক্ষোভ প্রকাশ করেন অরিজিৎ। নিজের এক্স হ্যান্ডেলে তিনি লেখেন, “ছাত্রদের উপর মারধর করছেন? নেতা-মন্ত্রীরা কি নিজেদের ঈশ্বর ভাবতে শুরু করেছেন? আপনাদের কোনও লজ্জা করছে না?” এই মন্তব্যের পরই সোশ্যাল মিডিয়ায় তাঁকে নিয়ে শুরু হয় বিতর্ক। বহু অনুরাগী যেমন তাঁর পাশে দাঁড়িয়েছেন, তেমনই অনেকে তাঁর মন্তব্যের তীব্র সমালোচনা করেছেন। সমালোচনার মুখে পড়েও অরিজিৎ সিং সুর নরম করেননি। বরং আরও বিস্ফোরক মন্তব্য করেছেন। তিনি লেখেন, “কেউ আমাকে সম্মান করে কিনা তা নিয়ে আমি চিন্তিত নই। আমি কারোর মতামত নিয়ে মাথাও ঘামাই না। কারণ, প্রত্যেকের মতামত ভিন্ন এবং প্রত্যেকে নিজস্ব মতামত রয়েছে।”

তিনি আরও বলেন, “আপনি আমার সব প্লেলিস্ট মুছে দিয়ে আমার অস্তিত্ব ভুলে যেতে পারেন। কিন্তু তাতে আমার মতামতের কোনও পরিবর্তন হবে না। নিজের যত্ন নেবেন।” এই মন্তব্যের পর সোশ্যাল মিডিয়ায় নতুন করে তোলপাড় শুরু হয়েছে। অরিজিৎ সিংয়ের এই দৃঢ় অবস্থান তাঁর ভক্তদের একাংশকে যেমন মুগ্ধ করেছে, তেমনই অনেকে তাঁর এই মন্তব্যে হতাশ। তবে গায়ক স্পষ্ট বুঝিয়ে দিয়েছেন, জনমতের চাপ তাঁর ব্যক্তিগত বিশ্বাসকে প্রভাবিত করতে পারবে না।