৫৭ বছর পর বড় পর্দায় ফিরছে ‘ভূতের রাজা’, আসছে শিশুদের ছবি ‘সেকেন্ড উইশ’

৫৭ বছর পর বাংলা সিনেমায় ফিরছে 'ভূতের রাজা'! শিশুদের স্বপ্ন ও শিক্ষাকে কেন্দ্র করে আসছে নতুন ছবি 'সেকেন্ড উইশ'। পরিচালক প্রদীপ বিশ্বাসের এই ছবিতে রয়েছে এক অন্যরকম গল্প।

Share:

ব্যুরো নিউজ, ৪ অক্টোবর ২০২৬: দীর্ঘ ৫৭ বছর পর আবারও বড় পর্দায় ফিরছে বাংলা সিনেমার এক আইকনিক চরিত্র, ‘ভূতের রাজা’। তবে এবার সম্পূর্ণ নতুন আঙ্গিকে, শিশুদের স্বপ্ন ও আকাঙ্ক্ষাকে কেন্দ্র করে নির্মিত হয়েছে নতুন বাংলা ছবি ‘সেকেন্ড উইশ’।

পরিচালক প্রদীপ বিশ্বাসের এই ছবিতে শিশুদের মনোজগত, তাদের অভাব, শিক্ষা এবং ভালো থাকার তীব্র বাসনা এক অন্য মাত্রা পেয়েছে। ছবিতে অভিনয় করেছেন সঞ্জীব সরকার, শুভঙ্কর ঘটক, প্রদীপ বিশ্বাস, অধিরাজ গঙ্গোপাধ্যায়, অর্ণা ধর, কৃষ্ণান নস্কর, দুর্নিবার মজুমদার, আহিল আলি এবং এক শিশু শিল্পী।

‘সেকেন্ড উইশ’ ছবির গল্পের কেন্দ্রে রয়েছে রবি ও দুলু নামের দুই স্কুলপড়ুয়া শিশু। আর্থিক অনটন এবং প্রতিকূল পারিবারিক পরিস্থিতির কারণে তাদের পড়াশোনা ও স্বাভাবিক জীবন নানা সমস্যার সম্মুখীন। একজনের বাবা ক্ষেতমজুর, অন্যজনের বিধবা মা মানুষের বাড়িতে কাজ করে জীবিকা নির্বাহ করেন। তাদের এই কঠিন পরিস্থিতি বুঝতে পারেন স্কুলশিক্ষক তপনবাবু এবং নিজের সাধ্যমতো তাদের পাশে দাঁড়ানোর চেষ্টা করেন।

অন্যদিকে, তপনবাবুর মেয়ে দিয়ার জীবনেও ভালোবাসার সম্পর্ক তৈরি হয়, যা পারিবারিক আর্থিক বাস্তবতা এবং সামাজিক প্রত্যাশার কারণে জটিলতার মুখে পড়ে। এই টানাপোড়েনের মধ্যেই গল্পে প্রবেশ করে বহু প্রতীক্ষিত ‘ভূতের রাজা’। দুই শিশুর মনের গভীরে লুকিয়ে থাকা স্বপ্ন এবং তাদের একান্ত ইচ্ছা এক নতুন মোড় নেয়। তারা এমন এক আশার সন্ধান পায়, যা কেবল তাদের নিজেদের জীবন নয়, আরও অনেক শিশুর ভবিষ্যতের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে যায়।

‘ভূতের রাজা’-র মাধ্যমে তাদের দ্বিতীয় ‘উইশ’ কী ছিল এবং সেই ইচ্ছা কীভাবে গল্পের গতিপথ বদলে দেয়, তা জানতে দর্শকদের অপেক্ষা করতে হবে বড় পর্দা পর্যন্ত।