সৌরভের ‘দাদাগিরি’র মঞ্চে দেব, মহারাজ কী টিপস দিলেন নতুন দাদাকে? প্রথম দিনের শুটিংয়ে অকপট অভিনেতা

সৌরভের 'দাদাগিরি'র মঞ্চে এবার দেব। নতুন ইনিংস শুরুর আগে মহারাজ কী টিপস দিলেন অভিনেতাকে? প্রথম দিনের শুটিংয়ে নিজের অনুভূতি ভাগ করলেন দেব।

Share:

ব্যুরো নিউজ, ২৯ জুন ২০২৬ঃ রাজ্যের টেলিভিশন জগতে এবার ‘দাদা’ বদল। দীর্ঘ ১৮ বছর ধরে দর্শকদের মন জয় করা সৌরভ গঙ্গোপাধ্যায়ের ‘দাদাগিরি’র মঞ্চে এবার সঞ্চালকের ভূমিকায় আসছেন টলিউড সুপারস্টার দেব। মাত্র কয়েকদিনের অপেক্ষা, তারপরই এক নতুন ফরম্যাটে দর্শকরা দেখতে পাবেন দেবের ‘দাদাগিরি’। প্রথম দিনের শুটিং হয়ে গেল বিশ্ব বাংলা কনভেনশন সেন্টারে, যেখানে জাঁকজমকপূর্ণ এন্ট্রি ছিল অভিনেতার। ওপেনিং শোয়ের অতিথির তালিকাও ছিল বেশ নজরকাড়া।

সৌরভ গঙ্গোপাধ্যায়ের মতো একজন ব্যক্তিত্বের জায়গা নেওয়া যে সহজ নয়, সে কথা দেব নিজেও ভালোই জানেন। তবে তিনি বরাবরই চ্যালেঞ্জ নিতে ভালোবাসেন। কালো পোশাকে লাল গালিচায় দেব পা রাখতেই চারিদিক থেকে ভেসে আসে ভক্তদের উচ্ছ্বাস। এই নতুন রূপে তাঁকে দেখার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন সকলে।

এদিন দেবকে প্রশ্ন করা হয়েছিল, ‘দাদাগিরি’-তে রাজি হওয়ার পর সৌরভের সঙ্গে তাঁর কথা হয়েছিল কিনা। একগাল হেসে দেব জানান, “একদম। দাদার সঙ্গে কথা হয়েছে। কয়েকটা টিপসও দিয়েছে। শুভেচ্ছা জানিয়েছে। আসলে এই জায়গাটা আমি নিয়েছি বলে দাদা খুব খুশি। সকলেই জানে দাদার সঙ্গে আমার খুব ভালো সম্পর্ক। দাদাও নতুন কিছু করতে চেয়েছিল।” এই বিশাল অনুষ্ঠানের দায়িত্ব নিয়ে কতটা চিন্তায় দেব? অভিনেতার অকপট উত্তর, “যা হয় ভালোর জন্য হয়। আমিও এই সুযোগটা পেয়ে খুব খুশি।

আশা করব যাঁরা গত দশটা সিজ়ন ধরে ‘দাদাগিরি’ দেখেছে, সিজ়ন ১১ যেন ততটাই ভালো বা তার থেকেও ভালো করতে পারি।” দেবের কথায় স্পষ্ট, নতুন এই ইনিংস নিয়ে তিনি যথেষ্ট আত্মবিশ্বাসী এবং আশাবাদী।