ব্যুরো নিউজ, ৭ জুলাই ২০২৬ : দিলজিৎ দোসাঞ্জ অভিনীত ছবি ‘সতলুজ’ মুক্তির মাত্র ৪৮ ঘণ্টার মধ্যেই ওটিটি প্ল্যাটফর্ম ZEE5 থেকে সরিয়ে নেওয়া হয়েছে। এই ঘটনা বিনোদন জগতে নতুন করে বিতর্কের জন্ম দিয়েছে। পরিচালক হানি ত্রেহান পরিচালিত এই ছবিটি মূলত পঞ্জাবের মানবাধিকার কর্মী জসওয়ন্ত সিং খালরার জীবন ও তাঁর সংগ্রামকে কেন্দ্র করে নির্মিত। রাজনৈতিক বিষয়বস্তু থাকার কারণে ছবিটি দীর্ঘদিন ধরে সেন্সর বোর্ডের জটিলতায় আটকে ছিল।
জানা গিয়েছে, ছবিটির নাম প্রথমে ‘ঘল্লুঘারা’ ছিল, পরে তা বদলে ‘পাঞ্জাব ’৯৫’ এবং সবশেষে মুক্তির আগে ‘সতলুজ’ রাখা হয়। গত ৩ জুলাই কোনও পূর্বঘোষণা ছাড়াই অত্যন্ত গোপনীয়ভাবে ZEE5-এ মুক্তি পায় ছবিটি। নির্মাতাদের আশঙ্কা ছিল, মুক্তির আগেও হয়তো কোনো বাধা আসতে পারে, তাই এই সতর্কতা। তবে মুক্তির দু’দিনের মধ্যেই ভারতের ক্যাটালগ থেকে ছবিটি সরিয়ে নেওয়ার নির্দেশ আসে। কেন্দ্রীয় সরকারের তরফে জানানো হয়েছে, জাতীয় নিরাপত্তার স্বার্থে এই নির্দেশ দেওয়া হয়েছে।
একই সঙ্গে দাবি করা হয়েছে যে, প্রয়োজনীয় সার্টিফিকেশন প্রক্রিয়া সম্পূর্ণ হওয়ার আগেই ছবিটি ওটিটিতে মুক্তি পেয়েছিল। এই আকস্মিক অপসারণের কারণ নিয়ে এখন বিনোদন মহলে জোর আলোচনা চলছে। দিলজিতের ভক্তরা এবং চলচ্চিত্র সমালোচকরা এই সিদ্ধান্তের কারণ জানতে উৎসুক। ছবিটি কেন এত দ্রুত নিষিদ্ধ করা হল, তা নিয়ে প্রশ্ন উঠছে বিভিন্ন মহলে।








