ইমপায় ধুন্ধুমার: ‘ফাইল রহস্য’ ঘিরে তুমুল বিতর্ক, পিয়া-শতদীপের সংঘাত

ইমপায় ‘ফাইল রহস্য’ ঘিরে তুমুল বিতর্ক ও সংঘাত। পিয়া সেনগুপ্ত ও শতদীপ সাহার মধ্যে উত্তপ্ত বাদানুবাদ, পুলিশের হস্তক্ষেপ।

Share:

বাংলা চলচ্চিত্র জগতের অন্যতম গুরুত্বপূর্ণ সংগঠন ইমপা (Eastern India Motion Pictures Association)-র অন্দরমহল উত্তপ্ত। গত বৃহস্পতিবার, ২২ মে, সংগঠনের সভাপতি পিয়া সেনগুপ্তের ডাকা সাধারণ সভাকে কেন্দ্র করে দিনভর উত্তেজনা, বচসা, অভিযোগ-পাল্টা অভিযোগ এবং ধস্তাধস্তির ঘটনা ঘটে। পরিস্থিতি এতটাই উত্তপ্ত হয়ে ওঠে যে ইমপা অফিস কার্যত রণক্ষেত্রের চেহারা নেয় এবং পুলিশকে হস্তক্ষেপ করতে হয়। বৈঠক শুরুর আগেই সদস্যপদ নিয়ে তুমুল বিতর্ক শুরু হয়।পিয়া সেনগুপ্তের অভিযোগ, বৈধ সদস্য নন এমন ব্যক্তিরাও সভায় ঢুকে পড়েন এবং তাঁর সঙ্গে দুর্ব্যবহার করা হয়।

অন্যদিকে, বিরোধীপক্ষের নেতা শতদীপ সাহার দাবি, তাঁরা কেবল স্বচ্ছতা এবং নতুন নির্বাচনের দাবি তুলেছেন। তাঁদের অভিযোগ, ইমপা সম্পাদক আশিস বন্দ্যোপাধ্যায় মিটিংয়ের নথি লেখেননি। দিনের শেষে পরিস্থিতি আরও জটিল হয় একটি ‘ফাইল’কে কেন্দ্র করে। সংগঠনের অন্দরে ফাইল গায়েব হয়ে যাওয়ার অভিযোগ ওঠে। কে সেই ফাইল সরাল এবং তাতে কী তথ্য ছিল, তা নিয়ে শুরু হয় জল্পনা। ইমপা অফিসের ভিতরে ‘ফাইল চোর’ স্লোগানও শোনা যায়। পিয়া সেনগুপ্তের দাবি, বিরোধীপক্ষ ফাইল আটকে রেখেছে, যদিও তারা এই অভিযোগ অস্বীকার করেছে। ঘটনার জেরে আশিস বন্দ্যোপাধ্যায় এবং পিয়া সেনগুপ্ত অসুস্থ হয়ে পড়লে তাঁদের হাসপাতালে নিয়ে যাওয়া হয়।