ইরানের বিখ্যাত পরিচালক জাফর পানাহির ৫ বছরের বেশি কারাদণ্ড, সম্পত্তি বাজেয়াপ্তের নির্দেশ

ইরানের বিখ্যাত পরিচালক জাফর পানাহির ৫ বছরের বেশি কারাদণ্ড ও সম্পত্তি বাজেয়াপ্তের নির্দেশ। সমাজমাধ্যম ও বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা জারি।

Share:

ব্যুরো নিউজ, ২৮ অক্টোবর ২০২৬: আন্তর্জাতিক চলচ্চিত্র জগতে ফের আলোড়ন। এবার খবরের শিরোনামে ইরানের খ্যাতনামা পরিচালক জাফর পানাহি। সম্প্রতি কান চলচ্চিত্র উৎসবে সর্বোচ্চ সম্মান ‘পাম দ’ওর’ জয়ী এই শিল্পীর পাঁচ বছরের বেশি কারাদণ্ড এবং সম্পত্তি বাজেয়াপ্তের নির্দেশ দিয়েছে ইরানের আদালত। শুধু তাই নয়, আগামী দু’বছর তাঁর সমাজমাধ্যম ব্যবহার এবং বিদেশযাত্রার উপরেও নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।

ইরানের সংবাদমাধ্যম ‘এমতেদাদ’-এর প্রতিবেদন অনুযায়ী, তেহরানের রেভলিউশনারি কোর্ট একটি পৃথক মামলায় পানাহিকে পাঁচ বছর এক মাসের কারাদণ্ড দিয়েছে। তাঁর আইনজীবী মোস্তফা নিলি জানিয়েছেন, পরিচালকের অনুপস্থিতিতেই এই রায় ঘোষণা করা হয়েছে। তবে ঠিক কী অভিযোগের ভিত্তিতে এই নতুন সাজা দেওয়া হয়েছে, তা এখনও স্পষ্ট নয়। পানাহির স্থাবর-অস্থাবর সম্পত্তি বাজেয়াপ্ত করার নির্দেশও দেওয়া হয়েছে।

আইনজীবীর দাবি, গত সপ্তাহে পরিচালকের ব্যাঙ্ক অ্যাকাউন্ট আচমকা বন্ধ হয়ে যাওয়ার পর বিষয়টি জানতে আদালত ও সংশ্লিষ্ট দপ্তরে যোগাযোগ করেন তাঁরা। সেখানেই নতুন রায়ের কথা জানতে পারেন। আইনজীবীর বক্তব্য অনুযায়ী, মামলার নথিতে উল্লেখ করা হয়েছিল যে পানাহি বিদেশে রয়েছেন এবং তাঁকে খুঁজে পাওয়া যায়নি। অথচ তিনি দেশে ফিরে এসেছিলেন। ফলে তাঁর অনুপস্থিতিতে এই রায় নিয়ে প্রশ্ন উঠেছে। পরিচালকের বিরুদ্ধে বর্তমানে আরও কয়েকটি মামলা বিচারাধীন রয়েছে।