২৫০ কোটির আইনি জটে কঙ্গনার ‘কুইন ২’, মেধাস্বত্ব লঙ্ঘনের অভিযোগ ফ্যান্টম স্টুডিয়োর

কঙ্গনা রানাওয়াত অভিনীত 'কুইন ২' ২৫০ কোটির আইনি জটে। ফ্যান্টম স্টুডিয়োস মেধাস্বত্ব লঙ্ঘনের অভিযোগ তুলে মামলা দায়ের করেছে।

Share:

ব্যুরো নিউজ, ৭ জুলাই ২০২৬ : কঙ্গনা রানাওয়াত অভিনীত ‘কুইন ২’ মুক্তির আগেই বড় আইনি জটিলতায় জড়িয়ে পড়ল। মূল ছবি ‘কুইন’-এর মেধাস্বত্ব লঙ্ঘনের অভিযোগ তুলে বম্বে হাইকোর্টের দ্বারস্থ হয়েছে ফ্যান্টম স্টুডিয়োস। তাদের দাবি, প্রয়োজনীয় অনুমতি ছাড়াই ছবিটির সিক্যুয়েল নির্মাণ করা হয়েছে, যার জন্য জিয়োস্টারের বিরুদ্ধে ২৫০ কোটি টাকার ক্ষতিপূরণ মামলা দায়ের করা হয়েছে।

সূত্রের খবর, ‘কুইন ২’-এর শুটিং শেষ হওয়ার পরই ফ্যান্টম স্টুডিয়োস এই পদক্ষেপ নিয়েছে। প্রযোজনা সংস্থার ঘনিষ্ঠ মহল জানিয়েছে, বিষয়টি নিয়ে দীর্ঘদিন ধরে জিয়োস্টার এবং পরিচালক বিকাশ বহেলের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হয়েছিল। একাধিকবার আপত্তি জানানো হয় এবং আইনি নোটিসও পাঠানো হয়েছিল, কিন্তু কোনও ইতিবাচক ফল না মেলায় শেষ পর্যন্ত আদালতের শরণাপন্ন হওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়। ২০১৪ সালে মুক্তিপ্রাপ্ত ‘কুইন’ বক্স অফিস এবং সমালোচক মহলে ব্যাপক প্রশংসা কুড়িয়েছিল। ছবিতে অভিনয়ের জন্য কঙ্গনা জাতীয় পুরস্কারও পেয়েছিলেন। পাশাপাশি ছবিটি একাধিক সম্মানে ভূষিত হয়েছিল। সেই ছবির প্রযোজনার দায়িত্বে ছিল ভায়াকম১৮ মোশন পিকচার্স এবং ফ্যান্টম ফিল্মস। ফ্যান্টম স্টুডিয়োস দাবি করেছে, ‘কুইন’-এর মেধাস্বত্বের ৫০ শতাংশ মালিকানা এখনও তাদের হাতেই রয়েছে। ফলে ছবিটির সিক্যুয়েল, রিমেক বা অন্য কোনও অভিযোজন তৈরির ক্ষেত্রে তাদের অনুমতি বাধ্যতামূলক।

চলতি বছরের এপ্রিল মাসেই ফ্যান্টম স্টুডিয়োস এক বিজ্ঞপ্তি প্রকাশ করে জানিয়েছিল যে, ‘কুইন’-কে ভিত্তি করে কোনও সিক্যুয়েল বা নতুন সংস্করণ তৈরির অনুমোদন তারা দেয়নি। বলিউড মহলের মতে, এই মামলার রায় বা অন্তর্বর্তী নির্দেশের উপরই নির্ভর করতে পারে ‘কুইন ২’-এর মুক্তির ভবিষ্যৎ। ছবিটি নির্ধারিত সময়ে প্রেক্ষাগৃহে আসতে পারবে, নাকি আইনি জটিলতায় আটকে যাবে— সেই প্রশ্নই এখন বলিউডের অন্দরে সবচেয়ে বড় আলোচনার বিষয়।