NEET প্রতিবাদে পুলিশের লাঠির শিকার দিশা পাটানির দিদি খুশবু, জেন-জি’র শান্ত মনোভাবের প্রশংসা

দিল্লিতে NEET প্রতিবাদে পুলিশের লাঠির শিকার হলেন দিশা পাটানির দিদি খুশবু পাটানি। পরিচয় গোপন রেখে আন্দোলনে যোগ দিয়ে তিনি জেন-জি'র শান্তিপূর্ণ মনোভাবের প্রশংসা করেন।

Share:

ব্যুরো নিউজ, ২৩ জুলাই ২০২৬ : দেশজুড়ে NEET পেপার ফাঁস ও শিক্ষা ব্যবস্থার অনিয়মের বিরুদ্ধে উত্তাল প্রতিবাদে সামিল হয়েছিলেন বলিউড অভিনেত্রী দিশা পাটানির দিদি খুশবু পাটানি। পরিচয় গোপন রেখে দিল্লির যন্তর মন্তরে সাধারণ শিক্ষার্থীদের সঙ্গে মিছিলে অংশ নেন তিনি। সেখানেই পুলিশের লাঠির আঘাতের শিকার হন খুশবু।

নিজের ইনস্টাগ্রাম পোস্টে এই অভিজ্ঞতার কথা শেয়ার করে তিনি জানান, লাখ লাখ শিক্ষার্থীর ভিড়েও নারীরা কতটা নিরাপদ বোধ করছিলেন, তা অবিশ্বাস্য। খুশবু পাটানি পুলিশের লাঠিচার্জের তীব্র নিন্দা করে তরুণ প্রজন্মের (জেন-জি) শিক্ষার্থীদের শান্তিপূর্ণ মনোভাবের ভূয়সী প্রশংসা করেছেন। তিনি বলেন, হাজারো উস্কানির পরেও শিক্ষার্থীরা শান্ত থাকার চেষ্টা করেছিল। লাঠি খেয়েছে, কিন্তু পাল্টা গায়ে হাত তোলেনি, যতক্ষণ না তাদের মাথা ফেটেছে বা পা ভেঙেছে। মেয়েদের ওপরও ভীষণ মারধর করা হয়েছে বলে তিনি অভিযোগ করেন। খুশবু নিজেও লাঠির বাড়ি খেয়েছেন এবং বাঁচতে পালিয়েছেন।

‘ককরোচ জনতা পার্টি’ (CJP)-র ডাকে এই বিশাল আন্দোলন শুরু হয়েছে, যেখানে সমাজকর্মী সোনম ওয়াংচুক, শাবানা আজমি, প্রকাশ রাজের মতো তারকারাও সমর্থন জানিয়েছেন। সোমবার সংসদ অভিমুখে রওনা দেওয়া হাজার হাজার প্রতিবাদকারীর সঙ্গে দিল্লি পুলিশের সংঘর্ষ বাঁধে। পুলিশ বিক্ষোভকারীদের হিংসাত্মক আচরণের অভিযোগ করলেও, আন্দোলনকারীদের দাবি শান্তিপূর্ণ মিছিলে নির্বিচারে লাঠিচার্জ করা হয়েছে। সরকারের সঙ্গে বৈঠক হলেও, রাজধানীর রাজপথে প্রতিবাদের আগুন এখনও জ্বলছে।