ব্যুরো নিউজ, ১৬ জুলাই ২০২৬ : রাজ্যসভার সাংসদ পদ থেকে ইস্তফা দিলেন অভিনেত্রী কোয়েল মল্লিক। বৃহস্পতিবার রাজ্যসভার চেয়ারম্যান সিপি রাধাকৃষ্ণণের কাছে নিজের ইস্তফাপত্র জমা দেন তিনি। এর আগে তৃণমূলের টিকিটে রাজ্যসভায় যাওয়া সুখেন্দুশেখর রায়, সুস্মিতা দেব এবং প্রকাশচিক বরাইকও পদত্যাগ করেছিলেন। কোয়েলের এই পদত্যাগে রাজ্যসভায় তৃণমূলের সাংসদ সংখ্যা কমে দাঁড়াল ৯।
সূত্রের খবর অনুযায়ী, পদত্যাগের পরেই বিজেপি নেতা ভূপেন্দ্র যাদবের সঙ্গে সাক্ষাৎ করেন কোয়েল। এই খবর সামনে আসার পর থেকেই তাঁর বিজেপিতে যোগদানের জল্পনা তীব্র হয়েছে। গত জুন মাসে সুখেন্দুশেখর, সুস্মিতা ও প্রকাশের পদত্যাগের পর থেকেই কোয়েলের পদত্যাগের খবর নিয়ে জল্পনা শুরু হয়েছিল। সে সময় ইমেল মারফত ইস্তফাপত্র পাঠালেও, সশরীরে উপস্থিতির প্রয়োজনীয়তার কারণে প্রক্রিয়াটি বিলম্বিত হয়। গত ৬ এপ্রিল সাংসদ হিসেবে শপথ নিয়েছিলেন কোয়েল মল্লিক। মাত্র তিন মাসের মধ্যেই তাঁর এই পদত্যাগ রাজ্যে পালাবদলের পরের রাজনৈতিক পরিস্থিতির ইঙ্গিত দিচ্ছে।
লোকসভার সিংহভাগ সাংসদই তৃণমূল ছেড়ে NCPI দলে নাম লিখিয়েছেন, যার মধ্যে কাকলি ঘোষ দস্তিদার, মালা রায়, সুদীপ বন্দ্যোপাধ্যায়, শতাব্দী রায়, রচনা বন্দ্যোপাধ্যায়, দেব, সায়নী ঘোষ এবং ইউসুফ পাঠান অন্যতম। বিধায়ক শিবির অবশ্য তৃণমূলের নাম ও প্রতীক না ছাড়লেও, ‘আসল তৃণমূল’ বলে নিজেদের দাবি করে নতুন লবি তৈরি করেছে। এই পরিস্থিতিতে কোয়েলের ইস্তফা মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য আরও একটি ধাক্কা বলেই মনে করছে রাজনৈতিক মহল। রাজধানীতে আরও একাধিক সাংসদের পদত্যাগের গুঞ্জন জোরাল হচ্ছে।








