ব্যুরো নিউজ, ৫ অক্টোবর ২০২৬: জনপ্রিয় গায়ক মিকা সিং সম্প্রতি বলিউড তারকা দিলজিৎ দোসাঞ্জের বিরুদ্ধে এক বিস্ফোরক অভিযোগ এনেছেন।
মিকার দাবি, দিলজিৎ হিন্দি ফিল্ম ইন্ডাস্ট্রিতে ব্যাপক কাজ করা সত্ত্বেও বলিউডের দেশাত্মবোধক ছবিগুলি নিয়ে কোনও উচ্চবাচ্য করেন না। তাঁর এই নীরবতাকে ‘দ্বিচারিতা’ বলে আখ্যা দিয়েছেন মিকা।
দিলজিৎ দোসাঞ্জ বর্তমানে পাঞ্জাবের অন্যতম মেগাস্টার। গায়ক হিসেবে আন্তর্জাতিক মঞ্চে ভারতীয় সংস্কৃতির প্রতিনিধিত্ব করার পাশাপাশি, তিনি ‘উড়তা পাঞ্জাব’, ‘ফিল্লৌরি’, ‘গুড নিউজ’, ‘অমর সিং চমকিলা’ এবং সম্প্রতি ‘বর্ডার ২’-এর মতো একাধিক বলিউড ছবিতে অভিনয় করে দর্শক ও সমালোচকদের প্রশংসা কুড়িয়েছেন।
কিন্তু যে হিন্দি ফিল্ম ইন্ডাস্ট্রি তাঁকে বিশ্বমঞ্চে পরিচিতি এনে দিয়েছে, সেই বলিউড বা হিন্দুস্তান নিয়ে তাঁর মুখে কোনও কথা শোনা যায় না বলে মিকার অভিযোগ। মিকা সিং বিশেষভাবে উল্লেখ করেছেন, দিলজিৎ সানি দেওলের সঙ্গে তাঁর ছবি ‘বর্ডার ২’ মুক্তির সময় বা পরেও তা নিয়ে কোনও মন্তব্য করেননি। মিকার প্রশ্ন, “দিলজিৎকে কখনও বলতে শুনিনি যে, ‘সানি দেওলের সঙ্গে আমার সিনেমা রিলিজ করছে, এটা বড় একটা বিষয়’।”
এই মন্তব্যের মাধ্যমে মিকা দিলজিতের দেশপ্রেম এবং বলিউড প্রতি দায়বদ্ধতা নিয়ে প্রশ্ন তুলেছেন। এই ঘটনা বিনোদন জগতে নতুন বিতর্কের জন্ম দিয়েছে।








