ব্যুরো নিউজ, ৪ জুন ২০২৬ঃ বলিউডে শোকের ছায়া। প্রয়াত হলেন প্রাক্তন সেন্সর বোর্ড প্রধান তথা বিশিষ্ট চলচ্চিত্র প্রযোজক পহলাজ নিহালানি। বৃহস্পতিবার মুম্বইয়ে ৭৬ বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। দীর্ঘদিন ধরে অসুস্থ ছিলেন বলে জানা গিয়েছে। তাঁর প্রয়াণে চলচ্চিত্র জগতে নেমে এসেছে গভীর শোকের আবহ। একাধিক তারকা ও বিশিষ্ট ব্যক্তিত্ব তাঁর মৃত্যুতে শোক প্রকাশ করেছেন।
পহলাজ নিহালানি ১৯৮০-র দশকে প্রযোজক হিসেবে বলিউডে নিজের কেরিয়ার শুরু করেন। ১৯৮২ সালে তাঁর প্রথম প্রযোজিত ছবি ‘হাথকড়ি’ মুক্তি পায়। এরপর ‘আন্ধি-তুফান’, ‘ইলজাম’, ‘আগ হি আগ’, ‘পাপ কি দুনিয়া’, ‘শোলা অউর শবনম’ এবং ব্লকবাস্টার ‘আঁখে’-র মতো একাধিক জনপ্রিয় ছবির প্রযোজনা করেন তিনি। বিশেষভাবে উল্লেখযোগ্য, তাঁর প্রযোজিত ‘ইলজাম’ ছবির মাধ্যমেই অভিনেতা গোবিন্দ বলিউডে আত্মপ্রকাশ করেছিলেন। চাঙ্কি পাণ্ডেরও হিন্দি সিনেমায় অভিষেক ঘটেছিল তাঁর ‘আগ হি আগ’ ছবির হাত ধরে।
২০১২ সালে গোবিন্দ অভিনীত ‘অবতার’ ছবিটি পরিচালনাও করেছিলেন পহলাজ নিহালানি। ২০১৫ সালে তিনি সেন্ট্রাল বোর্ড অফ ফিল্ম সার্টিফিকেশন (CBFC)-এর চেয়ারম্যান পদে নিযুক্ত হন। তাঁর কার্যকালে ‘উড়তা পঞ্জাব’, ‘স্পেক্টর’ এবং ‘জব হ্যারি মেট সেজল’-এর মতো ছবিকে ঘিরে একাধিক বিতর্ক তৈরি হয় এবং তাঁর সিদ্ধান্ত ব্যাপক সমালোচনার মুখে পড়ে। ২০১৭ সালে তাঁকে CBFC চেয়ারম্যান পদ থেকে সরিয়ে প্রসূন যোশী দায়িত্ব নেন। সেন্সর বোর্ড থেকে সরে যাওয়ার পরও তিনি সিনেমা সংক্রান্ত কাজের সঙ্গে যুক্ত ছিলেন। তাঁর মৃত্যুতে বলিউডে এক বর্ণময় অধ্যায়ের অবসান হল বলে মনে করছেন অনেকে।








