ব্যুরো নিউজ, ২৪ মে ২০২৬ঃ রাজ্যের রাজনৈতিক পট পরিবর্তনের সঙ্গে সঙ্গে টলিপাড়াতেও যেন চাপা ক্ষোভ-অসন্তোষ সামনে আসতে শুরু করেছে। সম্প্রতি অভিনেতা-পরিচালক পরমব্রত চট্টোপাধ্যায় এক সাক্ষাৎকারে তাঁর ইন্ডাস্ট্রিতে ঘটে যাওয়া অপমানজনক অভিজ্ঞতার কথা বিস্তারিতভাবে জানিয়েছেন। তিনি দাবি করেন, দীর্ঘদিন ধরে টলিপাড়ার অন্দরে কাজের পরিবেশ নিয়ে শিল্পীদের মধ্যে অসন্তোষ ছিল, যা রাজনৈতিক পালাবদলের পর এবার প্রকাশ্যে আসছে।
পরমব্রত জানান, তিনি সহজে কাউকে ভয় পান না। তবে পেশাগত জীবনে এমন পরিস্থিতির সম্মুখীন হয়েছেন যেখানে তাঁকে বারবার অপমানিত হতে হয়েছে। তিনি বলেন, ‘আমি একা নই, এতটা স্পষ্ট করে অনেকে হয়তো বলবেন না, আমি বলতে পারছি কারণ, সব থেকে বেশি লড়াইটা আমি লড়েছি, সব থেকে বেশি অপমানটা আমার হয়েছে।’ তাঁর মতে, অনেক শিল্পীই হয়তো পরিস্থিতির সঙ্গে মানিয়ে নিয়েছেন বা সমঝোতা করেছেন, কিন্তু তিনি সরাসরি প্রতিবাদ করায় সংঘাত বেশি সহ্য করতে হয়েছে।
অভিনেতার অভিযোগ, কাজের জায়গায় মত প্রকাশের স্বাধীনতাও সীমিত হয়ে পড়েছিল এবং শিল্পীদের সঙ্গে স্বাভাবিক আলোচনার পরিবেশও থাকত না। তিনি আরও বলেন, ‘প্রতিটা পরিচালকের আছে, প্রতিটা টেকনিশিয়ানের আছে।’ রাজনৈতিক পালাবদলের পর টলিপাড়ার সাংগঠনিক কাঠামোয় নতুন মুখদের সক্রিয়তা এবং শিল্পীদের স্বাধীনতা নিয়ে তিনি সম্প্রতি এক বৈঠকে নিজের বক্তব্য স্পষ্টভাবে তুলে ধরেছেন। স্বাধীনভাবে কাজ করার পরিবেশই একজন শিল্পীর সবচেয়ে বড় পাওয়া বলে তিনি মনে করেন।








