ব্যুরো নিউজ, ২২ মে ২০২৬ঃ ওটিটি প্ল্যাটফর্মে আসছে নতুন সিরিজ় ‘প্রীতম অ্যান্ড পেড্রো’, যা দর্শকদের মধ্যে ইতিমধ্যেই কৌতূহল তৈরি করেছে। এই সিরিজ়ের হাত ধরেই প্রথমবার ওটিটি প্ল্যাটফর্মে কাজ করছেন প্রখ্যাত পরিচালক রাজকুমার হিরানি। যদিও সিরিজ়টি পরিচালনা করেছেন অবিনাশ অরুণ, তবে হিরানির গল্প বলার ধরন এবং তাঁর সম্পৃক্ততা এই প্রোজেক্টকে এক ভিন্ন মাত্রা দিয়েছে। সিরিজ়ের গল্প আবর্তিত হয়েছে সমুদ্রের ধারে পড়ে থাকা একটি পরিত্যক্ত এটিএম এবং তার পাশে দাঁড়িয়ে থাকা দুই সম্পূর্ণ ভিন্ন মানুষের অপ্রত্যাশিত সাক্ষাৎকে কেন্দ্র করে।
নির্মাতাদের দাবি, ‘প্রীতম অ্যান্ড পেড্রো’-তে থাকবে রহস্যের ঘনঘটা, হাসির খোরাক এবং সাধারণ মানুষের জীবনের নানা দিক। রাজকুমার হিরানি নিজে জানিয়েছেন, সম্পূর্ণ ভিন্ন দুই মানুষকে একসঙ্গে এনে তাদের জীবনযাত্রা দেখানোর মধ্যে এক আলাদা মজা রয়েছে। সিরিজ়ের দীর্ঘ ফরম্যাট চরিত্রগুলোকে আরও গভীর ভাবে তুলে ধরার সুযোগ করে দিয়েছে। এই সিরিজ়ের মাধ্যমে অভিনেতা হিসেবে আত্মপ্রকাশ করছেন রাজকুমার হিরানির ছেলে বীর হিরানি। তাঁকে দেখা যাবে প্রীতমের চরিত্রে। অন্যদিকে, পেড্রোর গুরুত্বপূর্ণ ভূমিকায় অভিনয় করছেন জনপ্রিয় অভিনেতা অারশাদ ওয়ারসি।
নির্মাতাদের মতে, এই সিরিজ়ে অদ্ভুত পরিস্থিতি এবং সম্পর্কের টানাপড়েন রহস্যের আবরণে ধীরে ধীরে উন্মোচিত হবে, যা দর্শকদের শেষ পর্যন্ত ধরে রাখবে। ওটিটি প্ল্যাটফর্মের তরফে অলোক জৈন জানিয়েছেন, হাসি, সম্পর্ক আর মানুষের জীবন একসঙ্গে মিশে থাকা গল্পই দর্শকদের সবচেয়ে বেশি টানে। সব মিলিয়ে ‘প্রীতম অ্যান্ড পেড্রো’ একটি ভিন্ন স্বাদের বিনোদন উপহার দিতে প্রস্তুত।








