১০ বছর পর ফিরছে জাতীয় পুরস্কারজয়ী ছবির সিক্যুয়েল! ‘ভেন্টিলেটর ২’-এর ঘোষণা প্রিয়াঙ্কা চোপড়ার

প্রিয়াঙ্কা চোপড়া জোনাস তাঁর প্রযোজনা সংস্থা পার্পল পেবল পিকচার্সের অধীনে 'ভেন্টিলেটর ২' ঘোষণা করেছেন। পরিচালক রাজේශ ম্যাপুসকর-এর সঙ্গে জুটি বেঁধে ২০২৭ সালে মুক্তি পাবে এই ছবি।

Share:

ব্যুরো নিউজ, ৭ নভেম্বর ২০২৬: ফের প্রযোজনার দুনিয়ায় বড় চমক দিলেন বিশ্বখ্যাত অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া জোনাস। দীর্ঘ ১০ বছর পর ফিরতে চলেছে তাঁর প্রযোজিত জনপ্রিয় মারাঠি ছবি ‘ভেন্টিলেটর’-এর দ্বিতীয় পর্ব। ছবির নাম ‘ভেন্টিলেটর ২’। শনিবার সোশ্যাল মিডিয়ায় এই নতুন ছবির ঘোষণা করেন অভিনেত্রী। ইতিমধ্যেই এই খবরে উচ্ছ্বসিত সিনেমাপ্রেমীরা। ২০২৭ সালে প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার কথা রয়েছে ছবিটির।

২০১৬ সালে মুক্তি পেয়েছিল প্রথম ‘ভেন্টিলেটর’। ছবিটি পরিচালনা করেছিলেন রাজেশ মাপুস্কর। এবারও পরিচালকের আসনে ফিরছেন তিনিই। শুধু পরিচালনাই নয়, ছবির চিত্রনাট্যও লিখবেন রাজেশ। ফলে পুরনো টিমের পুনর্মিলন ঘটতে চলেছে এই সিক্যুয়েলের হাত ধরে।

ইনস্টাগ্রামে ছবির ঘোষণা করে প্রিয়াঙ্কা জানান, ১০ বছর আগে তাঁর প্রযোজনা সংস্থা ‘পার্পল পেবল পিকচার্স’-এর মাধ্যমে এমন গল্প বলার সিদ্ধান্ত নিয়েছিলেন, যে গল্প মানুষের মনে দাগ কাটবে। ‘ভেন্টিলেটর’ ছিল সেই স্বপ্নের অন্যতম গুরুত্বপূর্ণ অংশ। এক দশক পর আরও অনেক কিছু নিয়ে সেই গল্পের জগতে ফিরে আসতে চলেছেন তাঁরা।

ছবিটি প্রযোজনা করবেন প্রিয়াঙ্কা চোপড়া জোনাস, তাঁর মা ডা. মধু চোপড়া এবং রাজেশ মাপুস্কর। প্রযোজনার দায়িত্বে থাকছে পার্পল পেবল পিকচার্স ও ম্যাজিক পিকচার্স।

উল্লেখ্য, প্রথম ছবির গল্প আবর্তিত হয়েছিল কামারকর পরিবারকে ঘিরে। গণেশ চতুর্থীর আগে পরিবারের এক প্রবীণ সদস্য হাসপাতালে ভেন্টিলেটরে থাকায় আত্মীয়স্বজনদের একত্রিত হতে হয়। পারিবারিক সম্পর্ক, প্রজন্মের ব্যবধান, আবেগ ও হাস্যরসের মিশেলে তৈরি ছবিটি জিতেছিল তিনটি জাতীয় চলচ্চিত্র পুরস্কার।

তবে সিক্যুয়েলের গল্প এবং অভিনয়শিল্পীদের তালিকা এখনও প্রকাশ্যে আসেনি। এখন দেখার, ২০২৭ সালে ‘ভেন্টিলেটর ২’ দর্শকদের কতটা মন জয় করতে পারে!