ব্যুরো নিউজ, ২৫ মে ২০২৬ঃ বলিউডে বড়সড় বিতর্কের মুখে অভিনেতা রণবীর সিং। পরিচালক-প্রযোজক ফারহান আখতারের বহুল চর্চিত ছবি ‘ডন ৩’ থেকে আচমকা সরে দাঁড়ানোয় তাঁর বিরুদ্ধে ‘নন-কোঅপারেশন’ বা বয়কটের ফতোয়া জারি করেছে ফেডারেশন অফ ওয়েস্টার্ন ইন্ডিয়া সিনেমা এমপ্লয়িজ (FWICE)। ফেডারেশনের তরফে সাফ জানিয়ে দেওয়া হয়েছে, যতদিন না সমস্যার সমাধান হচ্ছে, তাদের কোনও সদস্য রণবীরের সঙ্গে কাজ করবেন না।
প্রযোজকদের দাবি, রণবীরের এই সিদ্ধান্তে ‘ডন ৩’-এর প্রাক-প্রযুক্তিগত কাজে প্রায় ৪৫ কোটি টাকার লোকসান হয়েছে। FWICE এই ক্ষতিপূরণের দাবিকে সম্পূর্ণ সমর্থন করেছে। গোটা বলিউড যখন এই বয়কটের খবরে তোলপাড়, তখন সোমবার রাতে নিজের মুখপাত্রের মাধ্যমে একটি আনুষ্ঠানিক বিবৃতি জারি করে নীরবতা ভাঙলেন রণবীর সিং। বিবৃতিতে অভিনেতা জানিয়েছেন, তিনি চলচ্চিত্র জগৎ এবং ‘ডন’ ফ্র্যাঞ্চাইজির প্রতি গভীর শ্রদ্ধা পোষণ করেন। বিতর্ক এড়িয়ে তিনি সচেতনভাবে নীরবতা বজায় রাখতে চান এবং বিশ্বাস করেন, পেশাদার আলোচনাকে সবসময় মর্যাদা, পরিপক্কতা ও পারস্পরিক শ্রদ্ধার সঙ্গে সামলানো উচিত।
প্রযোজনা সংস্থা ‘এক্সেল এন্টারটেইনমেন্ট’-এর অভিযোগ, রণবীর তিনটি ছবির জন্য চুক্তি সই করেও শুটিং শুরুর মাত্র ১০ দিন আগে চিত্রনাট্য ও ক্রিয়েটিভ পার্থক্যের অজুহাতে প্রজেক্ট থেকে সরে দাঁড়ান। FWICE-এর মুখ্য উপদেষ্টা অশোক পণ্ডিত বিষয়টিকে অত্যন্ত গুরুতর আখ্যা দিয়ে বলেছেন, কোনও সিনিয়র অভিনেতা এভাবে প্রজেক্ট ছাড়তে পারেন না। রণবীর ফেডারেশনের সঙ্গে কথা বলতে অস্বীকার করায় তারা শেষ পর্যন্ত বয়কটের পথে হাঁটে। সম্প্রতি রণবীরের ছবি ‘ধুরন্ধর: দ্য রিভেঞ্জ’ বক্স অফিসে ১০০০ কোটির বেশি ব্যবসা করেছে। এই সাফল্যের পরই তাঁর এমন আচরণ নিয়ে প্রশ্ন উঠেছে।








