আরজিকর কাণ্ড: শঙ্কুদেব পণ্ডার পরিচালনায় আসছে নতুন ছবি ‘অভয়া শক্তি’, শুটিং শুরু আগস্টে

আরজিকর কাণ্ড এবার বড়পর্দায়। শঙ্কুদেব পণ্ডার পরিচালনায় আসছে 'অভয়া শক্তি' ছবিটি। রানা সরকার প্রযোজিত এই ছবির শুটিং শুরু হচ্ছে আগস্টে। জানুন বিস্তারিত।

Share:

ব্যুরো নিউজ, ৪ জুন ২০২৬ঃ রাজ্যের রাজনীতিতে আলোড়ন ফেলে দেওয়া আরজিকর মেডিক্যাল কলেজের তরুণী চিকিৎসকের উপর নির্যাতনের ঘটনা এবার বড়পর্দায় আসছে। বিজেপি নেতা শঙ্কুদেব পণ্ডা এই চাঞ্চল্যকর ঘটনাকে কেন্দ্র করে তৈরি করছেন তাঁর নতুন ছবি ‘অভয়া শক্তি’। প্রযোজনা করছেন রানা সরকার।

বুধবার রাতে এই ছবির ঘোষণা করে শঙ্কুদেব পণ্ডা জানান, আগামী ‘অভিশপ্ত’ আগস্ট মাসেই শুরু হবে ছবির শুটিং। ২০২৪ সালের ৯ আগস্ট আরজিকর কাণ্ড গোটা রাজ্যকে নাড়িয়ে দিয়েছিল। এক তরুণী চিকিৎসকের মর্মান্তিক পরিণতিতে তোলপাড় হয়েছিল বাংলার জনজীবন। দেশের গণ্ডি পেরিয়ে বিদেশের মাটিতেও এর প্রতিবাদ পৌঁছেছিল। এমনকি, ছাব্বিশের বিধানসভা ভোটে রাজ্যে রাজনৈতিক পালাবদলের নেপথ্যে এই ঘটনার ভূমিকা ছিল বলেও ওয়াকিবহাল মহলের একাংশ মনে করেন। এবার সেই ভয়াবহ কাণ্ডের প্রেক্ষাপটেই টলিউডে তৈরি হচ্ছে এই সিনেমা, যা দর্শকদের মধ্যে ইতিমধ্যেই কৌতূহল সৃষ্টি করেছে। প

রিচালক শঙ্কুদেব পণ্ডা জানিয়েছেন, ছবিতে কারা অভিনয় করবেন, তা এখনই প্রকাশ করা হবে না। তবে বাংলার অভিনেতাদের পাশাপাশি বাইরের শিল্পীরাও এই ছবিতে কাজ করতে পারেন। রাজ্যে রাজনৈতিক পালাবদলের পর আরজিকর মামলার ফাইল নতুন করে খোলা হয়েছে। এমন এক আবহে ‘অভয়া শক্তি’ ছবির ঘোষণা স্বাভাবিকভাবেই আলোচনার কেন্দ্রবিন্দুতে। শঙ্কুদেব পণ্ডার কথায়, “সংশ্লিষ্ট মামলা নিয়ে বর্তমানে একাধিক নতুন তথ্য প্রকাশ্যে আসছে, যা এতদিন ধামাচাপা পড়েছিল। এই সিনেমায় সবটাই তুলে ধরা হবে।” এই ছবি দর্শকদের সামনে এক নতুন এবং অপ্রকাশিত দিক উন্মোচন করবে বলে আশা করা হচ্ছে। এটি শুধু একটি চলচ্চিত্র নয়, বরং সমাজের প্রতি একটি বার্তা বহন করবে বলে মনে করা হচ্ছে।