ব্যুরো নিউজ, ২৪ মে ২০২৬ঃ বলিউড সুপারস্টার সলমন খান এবার আন্তর্জাতিক আঙিনায়। মিশরে আয়োজিত অ্যাকশন থ্রিলার ছবি ‘সেভেন ডগস’-এর প্রিমিয়ারে তাঁর ক্যামিও চরিত্র ঘিরে উন্মাদনা তুঙ্গে। যদিও নিজের অন্যান্য ছবির ব্যস্ততার কারণে সলমন অনুষ্ঠানে উপস্থিত থাকতে পারেননি, তবুও প্রিমিয়ারের মূল আকর্ষণ ছিলেন তিনিই। ভেন্যু জুড়ে লাগানো হয়েছিল ভাইজানের বিশাল পোস্টার, যার সামনে দাঁড়িয়ে সেলফি তুলতে দেখা যায় বহু অতিথিকে।
গত ২২ মে, শুক্রবার এই ছবির প্রিমিয়ারের ছবি ও ভিডিও সমাজমাধ্যমে আসতেই তা দ্রুত ভাইরাল হয়ে যায়। বিশেষ করে, সিনেমার একটি দৃশ্য ফাঁস হওয়ার পর সলমন ভক্তদের উল্লাসের পারদ আরও চড়েছে। ভাইরাল হওয়া ক্লিপিংয়ে দেখা যাচ্ছে, একটি দোকানের দৃশ্যে সলমন খান চমৎকার ইংরেজিতে সংলাপ বলছেন। তাঁর সঙ্গে স্ক্রিন শেয়ার করেছেন ছবির প্রধান দুই অভিনেতা করিম আব্দেল আজিজ ও আহমেদ ইজ। এই আন্তর্জাতিক ছবিতে সঞ্জয় দত্ত এবং বিশ্বখ্যাত অভিনেত্রী মনিকা বেলুচ্চিও গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন। বিদেশের মাটিতে সলমন খানের এই আকাশছোঁয়া জনপ্রিয়তা দেখে উচ্ছ্বসিত তাঁর অনুরাগীরা।
এক ভক্ত মন্তব্য করেছেন, “আমরা কল্পনাও করিনি সলমনকে আন্তর্জাতিক ছবিতে দেখতে পাব! চরিত্রটি নিখুঁতভাবে ফুটিয়ে তুলেছেন।” অপর একজন লিখেছেন, “‘সেভেন ডগস’-এ সলমন খানের ক্যামিও— এক কথায় লোম খাড়া হয়ে যাওয়ার মতো অভিজ্ঞতা। এক্কেবারে পয়সা উসুল করা এক ক্যামিও!” সব মিলিয়ে, হলিউডের আঙিনায় ভাইজানের এই রাজকীয় প্রবেশ বর্তমানে বিনোদন দুনিয়ার অন্যতম প্রধান খবর।








