সামান্থা রুথ প্রভু মা হচ্ছেন! বিয়ের এক বছর পরই সুখবর তারকা দম্পতির ঘরে

অভিনেত্রী সামান্থা রুথ প্রভু মা হতে চলেছেন! বিয়ের এক বছর পরই তারকা দম্পতি সামান্থা ও রাজের ঘরে আসছে নতুন অতিথি। ভাইরাল ভিডিও ঘিরে জল্পনার অবসান।

Share:

ব্যুরো নিউজ, ২০ জুন ২০২৬ঃ অভিনেত্রী সামান্থা রুথ প্রভু মা হতে চলেছেন। বিয়ের এক বছরের মধ্যেই তারকা দম্পতি সামান্থা ও পরিচালক রাজ নিদিমোরুর ঘরে নতুন অতিথির আগমনী বার্তা। এই সুখবরে তাঁদের ভক্তমহলে খুশির হাওয়া। বেশ কিছুদিন ধরেই নেটপাড়ায় এই গুঞ্জন চলছিল। সম্প্রতি সামান্থার নতুন ছবি ‘মা ইন্টি বাঙ্গারাম’-এর সাফল্যের পর টিম মেম্বারদের সঙ্গে উদযাপনের একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়। সেই ভিডিও দেখেই নেটিজেনদের একাংশ ও সামান্থার ‘ঈগল-চক্ষু’ ভক্তরা দাবি করেন, অভিনেত্রীর ‘বেবি বাম্প’ স্পষ্ট দেখা যাচ্ছে। এবার সেই জল্পনাতেই সিলমোহর পড়ল বলে বিভিন্ন সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রে খবর।

খুব বেশিদিন হয়নি এই জুটির চার হাত এক হয়েছে। ঘরোয়া ও ছিমছাম আয়োজনের মধ্য দিয়ে বিয়ে করেছিলেন সামান্থা ও রাজ। বিয়ের দিনই সামান্থা ইনস্টাগ্রামে তাঁদের সুন্দর কিছু মুহূর্তের ছবি শেয়ার করে ভক্তদের চমকে দিয়েছিলেন। সুপারহিট ওয়েব সিরিজ ‘দ্য ফ্যামিলি ম্যান ২’-এ প্রথমবার একসঙ্গে কাজ করার পর থেকেই তাঁদের প্রেমের গুঞ্জন ছড়িয়ে পড়েছিল চারদিকে। ব্যক্তিগত জীবনের পাশাপাশি পেশাদার জগতেও এই জুটি এখন দারুণ সফল। সম্প্রতি মুক্তি পেয়েছে তাঁদের নতুন ছবি ‘মা ইন্টি বাঙ্গারাম’, যার চিত্রনাট্য লিখেছেন স্বয়ং রাজ নিদিমোরু। একদিকে নতুন ছবির দারুণ সাফল্য আর অন্যদিকে মা হওয়ার এই মিষ্টি খবর- সব মিলিয়ে সামান্থা ও রাজের জীবনে এখন শুধুই খুশির হাওয়া। ভক্তরাও ভালবাসায় ভরিয়ে দিচ্ছেন এই হবু মা-বাবাকে।