সায়নী চক্রবর্তীর মৃত্যু: প্রেমিকের বিরুদ্ধে মানসিক ও শারীরিক অত্যাচারের অভিযোগ মায়ের

কন্টেন্ট ক্রিয়েটর সায়নী চক্রবর্তীর মৃত্যুতে চাঞ্চল্য। মেয়ের প্রেমিকের বিরুদ্ধে মানসিক ও শারীরিক অত্যাচারের অভিযোগ আনলেন মা মলি চক্রবর্তী। তদন্তে পুলিশ।

Share:

ব্যুরো নিউজ, ৩০ মে ২০২৬ঃ জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটর সায়নী চক্রবর্তীর আকস্মিক মৃত্যু ঘিরে রহস্য ঘনীভূত হচ্ছে। গত বৃহস্পতিবার নিজের বাড়িতেই গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন বছর তেইশের সায়নী। এই ঘটনায় মগরা থানায় অভিযোগ দায়ের করেছে তাঁর পরিবার। সায়নীর মা মলি চক্রবর্তী মেয়ের প্রেমিকের বিরুদ্ধে মানসিক ও শারীরিক অত্যাচারের গুরুতর অভিযোগ এনেছেন।

মলিদেবী জানিয়েছেন, গত চার বছর ধরে ত্রিবেণীর এক যুবকের সঙ্গে সায়নীর ঘনিষ্ঠ সম্পর্ক ছিল। দুই পরিবারের তরফে এই সম্পর্ক মেনে নেওয়াও হয়েছিল। কিন্তু ঘটনার আগের দিন সায়নী তাঁর প্রেমিক সায়নের বাড়ি থেকে কাঁদতে কাঁদতে ফিরেছিলেন। মায়ের অভিযোগ, সায়নীকে মানসিক ভাবে হেনস্থা করা হয়েছে, যার জেরে তিনি এমন চরম সিদ্ধান্ত নিতে বাধ্য হন। মলি চক্রবর্তী আরও জানান, তিনি মেয়ের সঙ্গে বন্ধুর মতো মিশলেও, সায়নী অনেক কথা লুকিয়ে গিয়েছিলেন।পরে বন্ধুদের কাছ থেকে জানা যায়, ছেলেটি সায়নীর গায়ে হাত দিত এবং মদ্যপান করত। সায়নীর ফোন ঘেঁটে অনেক চ্যাট পাওয়া গিয়েছে, যা তদন্তে গুরুত্বপূর্ণ সূত্র দেবে বলে আশা করা হচ্ছে।

মলিদেবী তাঁর মেয়ের জন্য বিচার চেয়ে পুলিশের উপর আস্থা রেখেছেন। ঘটনার পর থেকেই সায়নীর প্রেমিক ও তাঁর পরিবারের সদস্যদের কোনও খোঁজ পাওয়া যাচ্ছে না। মলিদেবীর প্রশ্ন, যদি তারা নির্দোষ হয়, তবে কেন বাড়ি ছেড়ে পালিয়ে গেল? পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে, তবে এখনও কাউকে আটক করা হয়নি। সায়নী ছিলেন একজন পশুপ্রেমী এবং সোশ্যাল মিডিয়ায় ‘সুন্দরীর দিদি’ নামেই পরিচিত ছিলেন। তাঁর অকাল প্রয়াণে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।