শঙ্কর চক্রবর্তীর ‘জীবন শেষ’ পোস্টে মধ্যরাতে চাঞ্চল্য! কেন এমন লিখলেন অভিনেতা?

Share:

ব্যুরো নিউজ,২৯ সেপ্টেম্বর: টলিউডের বর্ষীয়ান ও জনপ্রিয় অভিনেতা শঙ্কর চক্রবর্তীর একটি রহস্যময় সোশাল মিডিয়া পোস্টকে ঘিরে মাঝরাতেই ছড়িয়ে পড়ে উদ্বেগ। সম্প্রতি স্ত্রীকে হারানোর পর একাকীত্ব এবং হাতে মেগা সিরিয়ালের কাজ না থাকা নিয়ে আক্ষেপের কথা জানিয়েছিলেন অভিনেতা। সেই আবহেই তাঁর ফেসবুকে হঠাৎ ভেসে ওঠে একটি বার্তা— ‘এখন পার হচ্ছি, জীবন শেষ’!

পোস্টটি নজরে আসতেই উদ্বিগ্ন হয়ে পড়েন অনুরাগী ও সহকর্মীরা। কী হয়েছে অভিনেতার? এমন প্রশ্নে মুহূর্তের মধ্যে শুরু হয় জল্পনা। পরিস্থিতি বুঝে শঙ্করকে ফোন করেন ইন্ডাস্ট্রির বহু পরিচিত মুখ। তাঁদের মধ্যে ছিলেন পরিচালক কৌশিক গঙ্গোপাধ্যায়ও।

তবে সমস্ত আশঙ্কার অবসান ঘটিয়ে নিজেই পোস্টটির ব্যাখ্যা দিয়েছেন অভিনেতা। তাঁর কথায়, এর পিছনে কোনও চরম সিদ্ধান্ত বা গুরুতর অসুস্থতার বিষয় নেই। বরং একেবারেই আচমকা মাথায় আসা একটি শব্দের খেলা থেকেই ওই পোস্ট।

শঙ্কর জানান, তিনি মণিপাল হসপিটাল, ঢাকুরিয়ার সামনে দিয়ে যাচ্ছিলেন। হাসপাতালের ট্যাগলাইন ‘Life is on’ দেখে তাঁর মাথায় হঠাৎ আসে ‘Life is gone’ কথাটি। সেই ভাবনা থেকেই তিনি না ভেবেই সোশাল মিডিয়ায় লিখে ফেলেন বার্তাটি।

অভিনেতার কথায়, তাঁর পোস্ট দেখে অনেকেই ভেবে নিয়েছিলেন যে তিনি হয়তো কোনও বিপদের মধ্যে পড়েছেন। কৌশিক গঙ্গোপাধ্যায়-সহ বহু মানুষ ফোন করে তাঁর খোঁজ নেন। শঙ্কর স্পষ্ট করে জানান, তিনি ভালো আছেন এবং সম্পূর্ণ সুস্থ রয়েছেন।

শঙ্করের ব্যাখ্যা সামনে আসার পরই কাটে যাবতীয় উদ্বেগ। স্ত্রী সোমা চক্রবর্তীর প্রয়াণের পর তাঁর ব্যক্তিগত জীবনে নিঃসঙ্গতার ছায়া এবং কাজের অভাব নিয়ে নানা সময়ে কথা উঠলেও, এই পোস্টের পিছনে তেমন কোনও গুরুতর কারণ নেই বলেই অভিনেতার বক্তব্য।

রহস্যময় কয়েকটি শব্দ থেকেই যে এত বড় উদ্বেগ তৈরি হতে পারে, শঙ্কর চক্রবর্তীর এই ঘটনা ফের একবার তারই নজির হয়ে রইল।