ব্যুরো নিউজ, ৫ জুন ২০২৬ঃ তৃণমূল কংগ্রেসের বর্ষীয়ান নেতা এবং রাজ্যের প্রাক্তন মন্ত্রী অরূপ বিশ্বাসের ভাই স্বরূপ বিশ্বাসকে গ্রেফতারের পর ১৪ দিনের পুলিশ হেফাজতে পাঠাল আদালত। শুক্রবার আলিপুর আদালতে তাঁকে পেশ করা হলে বিচারক এই নির্দেশ দেন। পুলিশ সূত্রে খবর, বৃহস্পতিবার রাতে দক্ষিণ কলকাতার দুর্গাপুর কলোনি এলাকা থেকে স্বরূপ বিশ্বাসকে আটক করা হয়। নির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে তাঁকে গ্রেফতার করে লালবাজারের সেন্ট্রাল লক-আপে নিয়ে যাওয়া হয়।
পুলিশ জানিয়েছে, সিমরান পাল নামে এক মহিলার লিখিত অভিযোগের ভিত্তিতে নিউ আলিপুর থানায় একটি এফআইআর দায়ের হয়েছিল। সেই মামলায় স্বরূপ বিশ্বাসের নাম অভিযুক্ত হিসেবে উল্লেখ ছিল। অভিযোগের তদন্তে নেমে পুলিশ বৃহস্পতিবার রাত প্রায় ৯টা নাগাদ তাঁকে গ্রেফতার করে। ভারতীয় ন্যায় সংহিতার ৭৫(১), ৩০৮(৪), ৩০৮(৫) ধারার পাশাপাশি অস্ত্র আইনের ২৫ ও ২৭ ধারায় তাঁর বিরুদ্ধে মামলা রুজু হয়েছে। গ্রেফতারের পর প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া সম্পন্ন করে তাঁকে আদালতে পেশ করা হয়।
এই ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক মহলে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। তবে এই বিষয়ে এখনও পর্যন্ত স্বরূপ বিশ্বাস বা তাঁর পরিবারের পক্ষ থেকে কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি। পুলিশ জানিয়েছে, আদালতের নির্দেশ অনুযায়ী পরবর্তী তদন্ত প্রক্রিয়া এগিয়ে নিয়ে যাওয়া হবে। তদন্তের স্বার্থে পুলিশ আপাতত বিষয়টি নিয়ে বিস্তারিত মন্তব্য করতে নারাজ।








