টলিউডে ‘বহিরাগত’দের রুখতে এবার পাপিয়া অধিকারীর ‘SIR’ নীতি!

টালিগঞ্জে 'বহিরাগত'দের রুখতে বিজেপি বিধায়ক পাপিয়া অধিকারীর 'SIR' নীতি। চিহ্নিতকরণ, ডিলিট ও ডিপোর্ট করার ঘোষণা।

Share:

ব্যুরো নিউজ, ৫ জুন ২০২৬ঃ টালিগঞ্জের স্টুডিওপাড়ায় এবার ‘বহিরাগত’দের চিহ্নিত করে ‘ডিলিট’ ও ‘ডিপোর্ট’ করার কড়া পদক্ষেপ নিচ্ছেন বিজেপি বিধায়ক পাপিয়া অধিকারী। টেকনিশিয়ান স্টুডিওতে কলাকুশলীদের সঙ্গে এক বৈঠকে তিনি ‘D-Cube’ মডেলের ঘোষণা করেন। এই নীতির মাধ্যমে ১৫ বছরের মধ্যে মাত্র পাঁচ দিন কাজ করেছেন এমন ব্যক্তিদের চিহ্নিত করে বাদ দেওয়া হবে।

পাপিয়া অধিকারীর মতে,  ‘যারা কাজ করছেন এখানেও কিন্তু SIR হবে। যারা পয়সা দিয়ে এখানে ভর্তি হয়েছিলেন, পয়সা দিয়ে কাজ করেছেন তাঁদেরকেও আমরা চিহ্নিত করব। SIR-যে রকম হয়েছিল না বাইরে থেকে লোক এসে এরা তো বাইরে থেকে এসেছে। বাইরে থেকে লোক এসে আমাদের এখানে আমাদের উপার্জন নষ্ট করেছে।’ যারা এখানে কাজ না করে কেবল অপমান করেছেন বা পয়সা দিয়ে কাজ আদায় করেছেন, তাদের ‘ডি-কিউব’ অর্থাৎ চিহ্নিত করে বাদ দেওয়া হবে। তিনি আরও বলেন, যারা অন্য রাজ্যে কাজ করার সুযোগ পান, তাদের সেখানে গিয়েই কাজ করা উচিত। এই শুদ্ধিকরণ প্রক্রিয়া ভোটার তালিকায় মৃত বা ভুয়ো ভোটারদের বাদ দেওয়ার ‘SIR’ নীতির আদলে করা হচ্ছে।

পাপিয়া অধিকারী অভিযোগ করেন, ‘বহিরাগত’রা টালিগঞ্জে এসে স্থানীয়দের উপার্জন নষ্ট করছে। তিনি ‘ব্যান’ ও ‘সাসপেনশন’ সংস্কৃতি বন্ধ করে ‘ইস্টার্ন ইন্ডিয়া মোশন পিকচার্স কালচারাল কনফেডারেশন’ (EIMPCC) নামে একটি নতুন সংগঠন গঠনের কথা জানান, যা কেন্দ্রীয়ভাবে নিবন্ধিত হবে এবং একটি ছাতার তলায় সমস্ত কাজ পরিচালনা করবে। ২৬টি গিল্ডের পরিবর্তে কয়েকটি ক্যাটাগরির মাধ্যমে প্রোডাকশনের প্রয়োজন মেটানো হবে। তবে, ফেডারেশন অফ সিনে টেকনিশিয়ানস অ্যান্ড ওয়ার্কার্স অফ ওয়েস্টার্ন ইন্ডিয়ার সভাপতি স্বরূপ বিশ্বাস এই বিষয়ে কোনও প্রতিক্রিয়া দিতে চাননি।

প্রসঙ্গত, তৃণমূল আমলে টালিগঞ্জের সটুডিও পাড়ার অন্দরমহল থেকে বারবার উঠে এসেছে মারাত্মক সব অভিযোগ – ‘ব্যান’ রাজনীতি, শিল্পী ও শিল্পের ওপর ‘শাসকের শাসন’ থেকে ‘বিশ্বাস ব্রাদার্সের একাধিপত্য’! প্রাক্তন মন্ত্রী অরূপ বিশ্বাসের ভাই এবং ফেডারেশন অফ সিনে টেকনিশিয়ানস অ্য়ান্ড ওয়ার্কার্স অফ ইস্টার্ন ইন্ডিয়ার সভাপতি স্বরূপ বিশ্বাসের ভূমিকা নিয়েও উঠেছে বহু  প্রশ্ন। পরিবর্তনের রাজ্যে টালিগঞ্জে ফেডারেশন আউট, কনফেডারেশন ইনের ঘোষণা করেন টালিগঞ্জের বিজেপি বিধায়ক।