১২ দিন পর সম্পন্ন ত্বিষা শর্মার শেষকৃত্য, দ্বিতীয় ময়নাতদন্ত শেষে দেহ নিল পরিবার; মুখাগ্নি করলেন ভাই

ভোপালে ত্বিষা শর্মার রহস্যমৃত্যুতে চাঞ্চল্য। দ্বিতীয় ময়নাতদন্ত শেষে ১২ দিন পর সম্পন্ন হল শেষকৃত্য। পণের অভিযোগ, স্বামী গ্রেফতার, সুপ্রিম কোর্টের হস্তক্ষেপ।

Share:

ব্যুরো নিউজ, ২৫ মে ২০২৬ঃ ভোপালে ত্বিষা শর্মার রহস্যমৃত্যু ঘিরে দেশজুড়ে চাঞ্চল্য। গত ১২ মে কাটারা হিলস এলাকার শ্বশুরবাড়িতে ঝুলন্ত অবস্থায় তাঁর দেহ উদ্ধার হয়। এরপর থেকেই পরিবারের অভিযোগ, মাত্র পাঁচ মাসের বিবাহিত জীবনে পণের জন্য লাগাতার নির্যাতন করা হচ্ছিল ত্বিষাকে। তাঁর স্বামী সমর্থ সিং এবং শাশুড়ি গিরিবালা সিংয়ের বিরুদ্ধে আত্মহত্যায় প্ররোচনার অভিযোগ তুলেছে পরিবার।

প্রথম ময়নাতদন্তের রিপোর্ট নিয়ে প্রশ্ন ওঠায়, হাইকোর্টের নির্দেশে দিল্লির এইমসের চার সদস্যের মেডিক্যাল দল শনিবার দ্বিতীয়বার ময়নাতদন্ত সম্পন্ন করে। এরপরই রবিবার ভোপালের ভদ্রভদা ঘাটে ত্বিষার শেষকৃত্য সম্পন্ন হয়। উপস্থিত ছিলেন তাঁর বাবা-মা, ভাই ও পরিবারের ঘনিষ্ঠরা। মুখাগ্নি করেন ভাই মেজর হর্ষিত শর্মা। মেয়েকে শেষ বিদায় জানাতে গিয়ে কান্নায় ভেঙে পড়েন পরিবারের সদস্যরা। তদন্তে অসহযোগিতার অভিযোগে শাশুড়ি গিরিবালা সিংয়ের জামিন বাতিলের নোটিস জারি করা হয়েছে।

অন্যদিকে, ১০ দিন পলাতক থাকার পর স্বামী সমর্থ সিং জবলপুর আদালতে আত্মসমর্পণ করলে পুলিশ তাঁকে গ্রেফতার করে। এই রহস্যমৃত্যুর তদন্তে সুপ্রিম কোর্ট স্বতঃপ্রণোদিত হয়ে হস্তক্ষেপ করেছে এবং সোমবার প্রধান বিচারপতির বেঞ্চে এই মামলার শুনানি হওয়ার কথা। সিবিআই ইতিমধ্যেই ত্বিষার মৃত্যুর আগের হোয়াটসঅ্যাপ চ্যাট এবং শরীরে পাওয়া আঘাতের চিহ্ন খতিয়ে দেখছে। ন্যায়বিচারের আশায় এখন আদালতের দিকেই তাকিয়ে রয়েছে গোটা দেশ।