ব্যুরো নিউজ, ২ জুলাই ২০২৬ঃ নিজেকে ‘নাস্তিক’ বলে দাবি করলেও সম্প্রতি অসমের কামাখ্যা মন্দিরে পুজো দিতে দেখা গেল বিতর্কিত মডেল ও সোশাল মিডিয়া ইনফ্লুয়েন্সার উরফি জাভেদকে। তাঁর এই মন্দির দর্শন ঘিরে ফের নতুন করে শুরু হয়েছে জল্পনা। গত কয়েকদিন ধরেই উরফির ধর্ম পরিবর্তন নিয়ে জোর চর্চা চলছিল। শোনা যাচ্ছিল, তিনি নাকি ইসলাম ধর্ম ত্যাগ করে হিন্দু ধর্ম গ্রহণ করেছেন এবং ‘উরফি জাভেদ’ থেকে নাম বদলে ‘রীতা ভরদ্বাজ’ হয়েছেন।
এই বিতর্কের আবহেই তাঁর কামাখ্যা মন্দিরে পুজো দেওয়ার ছবি প্রকাশ্যে আসতেই প্রশ্ন উঠেছে নানা মহলে। বুধবার সন্ধ্যায় উরফি তাঁর আধ্যাত্মিক সফরের বেশ কিছু ছবি সোশাল মিডিয়ায় ভাগ করে নেন। ছবিগুলিতে তাঁকে সম্পূর্ণ ঐতিহ্যবাহী পোশাকে দেখা গেছে। সবুজ সালোয়ার-কামিজ পরে, ওড়নায় মাথা ঢেকে, কপালে ও নাকে সিঁদুরের তিলক এবং গলায় গাঁদা ফুলের মালা পরে তিনি মন্দিরের সামনে করজোড়ে দাঁড়িয়ে ক্যামেরায় পোজ দিয়েছেন। পুজোর আশীর্বাদী উত্তরীয়ও ছিল তাঁর গলায়।
এই ছবিগুলি নেটমাধ্যমে ছড়িয়ে পড়তেই নেটিজেনরা প্রশ্ন তুলতে শুরু করেছেন, “যদি তিনি নিজেকে নাস্তিকই দাবি করেন, তাহলে কেন মন্দিরে পুজো দিলেন?” অনেকে আবার তাঁর ধর্ম পরিবর্তনের গুঞ্জনকেও এই ঘটনার সঙ্গে জুড়ে দেখছেন। উরফির এই পদক্ষেপ তাঁর অনুরাগী ও সমালোচক উভয়কেই ভাবিয়ে তুলেছে। এই ঘটনা মডেলের ব্যক্তিগত জীবন এবং বিশ্বাস নিয়ে নতুন করে আলোচনার জন্ম দিয়েছে।








