ব্যুরো নিউজ, ৬ অক্টোবর ২০২৬: বলিউডের জনপ্রিয় দম্পতি ইয়ামি গৌতম ও আদিত্য ধর নাকি মুম্বই ছেড়ে হিমাচল প্রদেশের পাহাড়ের কোলে নতুন ঠিকানা গড়ছেন!
বিগত কয়েকদিন ধরে এই খবরে সরগরম ছিল মায়ানগরীর সিনেপাড়া। শোনা যাচ্ছিল, ১০০ বছরের পুরনো এক ঐতিহ্যবাহী বাড়িতে নতুন করে সংসার পাতবেন তাঁরা, এমনকি গ্ল্যামার দুনিয়াকে চিরতরে বিদায় জানানোরও পরিকল্পনা করছেন।
অনুষ্কা শর্মার মতো এই তারকা দম্পতিও কি এবার বিনোদন জগৎ থেকে ‘বাণপ্রস্থ’ নেবেন? এমন হাজারো প্রশ্ন ঘুরপাক খাচ্ছিল ভক্তদের মনে। তবে এবার এই সমস্ত জল্পনার অবসান ঘটল।
পরিচালক আদিত্য ধরের সহকারী দল এক সর্বভারতীয় সংবাদমাধ্যমকে এই খবরের সত্যতা সম্পূর্ণ নস্যাৎ করে দিয়েছে। সাফ জানানো হয়েছে, ইয়ামি ও আদিত্যর ঠিকানা বদলের খবরটি সম্পূর্ণ ভিত্তিহীন। হিমাচলে নতুন করে সংসার সাজানোর গুঞ্জন খারিজ করে দিয়েছে আদিত্যর টিম। কীভাবে এমন খবর ছড়িয়ে পড়ছে, তা নিয়েও গভীর উদ্বেগ প্রকাশ করেছে পরিচালকের সহকারী দল।
সম্প্রতি আদিত্য ধরের ‘ধুরন্ধর’ ফ্র্যাঞ্চাইজির দুটি ছবি দারুণ সাফল্য পেয়েছে, অন্যদিকে ইয়ামি গৌতম ‘আর্টিকল ৩৭০’ ছবির জন্য জাতীয় পুরস্কার পেয়েছেন। এই সাফল্যের মাঝেই তাঁদের শহর ছাড়ার খবরে ভক্তরা বেশ চিন্তিত ছিলেন।
পরিচালকের সহকারী দলের এই বিবৃতিতে ইয়ামি-আদিত্যর ভক্তরা স্বস্তির নিঃশ্বাস ফেলবেন, তা বলাই বাহুল্য। আপাতত তাঁরা মুম্বইতেই থাকছেন এবং নিজেদের কাজ চালিয়ে যাবেন, এমনটাই জানা গেছে।







