ব্যুরো নিউজ, ৭ নভেম্বর ২০২৬: রাজ্যের পরিবহন মন্ত্রী অর্জুন সিং এবার সরাসরি অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ‘ওষুধ’ দেওয়ার কথা বললেন।
সম্প্রতি ডায়মন্ড হারবারের সাংসদের জন্মদিনে তাঁর বাড়ির সামনে ঘটে যাওয়া ঘটনা প্রসঙ্গে মুখ খুলেছেন তিনি। অর্জুন সিংয়ের মতে, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মানসিক চিকিৎসার প্রয়োজন।
তিনি বলেন, “অভিষেক বন্দ্যোপাধ্যায়ের যে ওষুধের দরকার আছে, সেটা দেওয়া হচ্ছে না। যদি ওই ওষুধ দিয়ে দেওয়া হয়, তাহলে সব চোখ রাঙানি বেরিয়ে যাবে।” তিনি আরও যোগ করেন, “আমার মনে হচ্ছে, আমাদের পার্টি কর্মীদের ওই ওষুধ দেওয়ার জন্য প্রস্তুতি নেওয়া উচিত।”
মন্ত্রী আরও অভিযোগ করেন যে, অভিষেক বন্দ্যোপাধ্যায় নিজেকে সংবাদমাধ্যমে প্রচার করার জন্য এই ধরনের কাজ করছেন। অর্জুন সিং বলেন, “রোজ রোজ আঙুল তুলে কথা বলবে, ধমকাবে-চমকাবে, কে ও হরিদাস পাল যে ওর চমকানি সহ্য করতে হবে? বাংলার কত মানুষের ক্ষতি করেছে। ৩৩১ জন বিজেপি কর্মীকে খুন করেছে।”
তিনি স্পষ্ট করে দেন যে, এই ধরনের আচরণের সঠিক জবাব দেওয়ার সময় এসেছে। কোন ধরনের ‘ওষুধ’ প্রয়োজন, এই প্রশ্নের উত্তরে অর্জুন সিং বলেন, “ওষুধ অনেক রকম হয়। হোমিওপ্যাথি, অ্যালোপ্যাথি। ওকে অ্যালোপ্যাথি দিতে হবে। হোমিওপ্যাথিতে হবে না।”
নোয়াপাড়ার বিধায়কের এই মন্তব্যে রাজ্যের রাজনৈতিক মহলে নতুন করে চাঞ্চল্য সৃষ্টি হয়েছে।










