বিজেপিতে ঋতব্রত-পরমব্রতর জায়গা নেই, দলবদল নিয়ে জল্পনা উড়িয়ে দিলেন শমীক ভট্টাচার্য

বিজেপিতে ঋতব্রত-পরমব্রতর যোগদানের জল্পনা উড়িয়ে দিলেন রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য। পুরসভা ও বিধানসভা নির্বাচন পরবর্তী রাজনৈতিক পরিস্থিতি নিয়ে বিস্ফোরক মন্তব্য তাঁর।

Share:

ব্যুরো নিউজ, ২২ মে ২০২৬ঃ রাজ্যে ক্ষমতা বদলের পর রাজনৈতিক ও বিনোদন জগতে নতুন সমীকরণ তৈরি হচ্ছে। এরই মধ্যে দুই পরিচিত মুখ, ঋতব্রত বন্দ্যোপাধ্যায় ও পরমব্রত চট্টোপাধ্যায়ের বিজেপিতে যোগদান নিয়ে তৈরি হওয়া জল্পনা এক ঝটকায় উড়িয়ে দিলেন বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য। তিনি স্পষ্ট জানিয়ে দিয়েছেন, “বিজেপিতে কোনও ঋতব্রত, পরমব্রত কিংবা চিত্তব্রতদের জায়গা নেই।” সম্প্রতি মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী দিল্লি সফরে গিয়ে তৃণমূল বিধায়ক ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে সাক্ষাৎ করেন। এই সৌজন্যমূলক সাক্ষাৎকে ঘিরে রাজনৈতিক মহলে গুঞ্জন শুরু হয় যে ঋতব্রত বিজেপিতে যোগ দিতে পারেন।

অন্যদিকে, অভিনেতা-পরিচালক পরমব্রত চট্টোপাধ্যায় সম্প্রতি এক অনুষ্ঠানে অতীতের যন্ত্রণাদায়ক অভিজ্ঞতা নিয়ে মুখ খোলেন। তাঁর এই ‘সুরবদল’ দেখেও অনেকে মনে করছেন, তিনি হয়তো বিজেপির দিকে ঝুঁকছেন। তবে এই দুই ঘটনা প্রসঙ্গে শমীক ভট্টাচার্য বলেন, বিজেপির ব্রত একটাই – সেখানে এই ধরনের ব্যক্তিদের স্থান হবে না। তিনি আরও অভিযোগ করেন, কলকাতা পুরসভায় অচলাবস্থা সৃষ্টির নেপথ্যে রয়েছে তৃণমূলই। পাশাপাশি, বিধানসভায় বিরোধী দলনেতা নির্বাচন নিয়েও তৃণমূলের অভ্যন্তরীণ ক্ষোভের কথা উল্লেখ করেন তিনি। সব মিলিয়ে, নির্বাচন পরবর্তী আবহে দলবদলের জল্পনা এবং বিজেপির কড়া অবস্থানের মধ্যে এক উপভোগ্য রাজনৈতিক চিত্রনাট্য তৈরি হয়েছে।