ব্যুরো নিউজ, ১৮ অক্টোবর ২০২৬: চোরবাগান পদপিষ্টের ভয়াবহ বিপর্যয়ের পর নড়েচড়ে বসেছে রাজ্য প্রশাসন। লালবাজারের নির্দেশে সেন্ট্রাল অ্যাভিনিউ সহ চোরবাগান সংলগ্ন বিস্তীর্ণ এলাকায় আগামী তিনদিনের জন্য ভারতীয় ন্যায় সংহিতার ১৬৩ ধারা জারি করা হয়েছে।
এই নির্দেশিকা অনুযায়ী, কলেজ স্ট্রিটের কলুতলা থেকে সেন্ট্রাল অ্যাভিনিউ পর্যন্ত পাঁচ বা তার বেশি জমায়েতের উপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতেই এবং নতুন করে কোনও অপ্রীতিকর ঘটনা এড়াতে এই পদক্ষেপ বলে জানানো হয়েছে।
এদিকে, ঘটনার তদন্তে নেমে কলকাতা পুলিশ ইতিমধ্যেই ৭ জনকে গ্রেপ্তার করেছে। ধৃতদের মধ্যে পুজো কমিটির সম্পাদক রাজকুমার সেওড়া , সহ-সভাপতি শান্তনু দুবে এবং বেসরকারি নিরাপত্তা সংস্থার দুই আধিকারিক সুমন চক্রবর্তী ও রাজেশ পাল রয়েছেন বলে জানা গিয়েছে। এছাড়াও গ্রেপ্তার হয়েছেন পুজোমণ্ডপের বাঁশের কাঠামো নির্মাণের কাজে নিযুক্ত বিপ্লব মুখোপাধ্যায়, ভিড় নিয়ন্ত্রণ ও ভিআইপি পাস পরীক্ষা করার দায়িত্বে থাকা কৌশিক সাহা ও পিন্টু দে।
এই ভয়াবহ বিপর্যয়ের পর মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী কড়া বার্তা দিয়ে জানিয়েছিলেন, এই ঘটনায় জড়িত কাউকে রেয়াত করা হবে না। তাঁর এই বার্তার পরেই পুজো উদ্যোক্তা ও অন্যান্যদের বিরুদ্ধে গিরিশ পার্ক থানায় স্বতঃপ্রণোদিত মামলা রুজু করে লালবাজার। অনিচ্ছাকৃত খুনের চেষ্টা, ষড়যন্ত্র সহ বিএনএসের একাধিক ধারায় মামলা দায়ের করা হয়েছে। ঠিক কীভাবে এই মর্মান্তিক ঘটনা ঘটল, ভিড়ের ব্যবস্থাপনা কেন ব্যর্থ হল, এবং নিরাপত্তা ব্যবস্থায় কোথায় ত্রুটি ছিল, তা জানতে আটক করে জিজ্ঞাসাবাদ করা হয় চোরবাগানের একাধিক পুজো উদ্যোক্তা ও অন্যান্য ব্যক্তিকে।
কলকাতা পুলিশের তদন্তকারী আধিকারিকরা তাঁদের জেরা করেই এই ৭ জনকে গ্রেপ্তার করেছেন। ঘটনার মূল কারণ এবং দায়ীদের চিহ্নিত করতে জোর কদমে তদন্ত চালাচ্ছেন তাঁরা। এলাকায় কড়া নিরাপত্তা বজায় রাখা হয়েছে এবং পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে। এই ঘটনায় আরও অনেকের জড়িত থাকার সম্ভাবনা খতিয়ে দেখা হচ্ছে এবং প্রয়োজনে আরও গ্রেপ্তারির ইঙ্গিত মিলেছে।









