কলকাতায় ফের বাড়ল পেট্রল-ডিজেলের দাম: চার দিনে দ্বিতীয়বার মূল্যবৃদ্ধি, সেঞ্চুরির দোরগোড়ায় ডিজেলও

মাত্র চার দিনের ব্যবধানে ফের বাড়ল পেট্রল-ডিজেলের দাম। কলকাতায় নতুন দর কত? পশ্চিম এশিয়ার অস্থিরতায় আন্তর্জাতিক বাজারে তেলের মূল্যবৃদ্ধি।

Share:

ব্যুরো নিউজ, ১৯ই মে ২০২৬ঃ জ্বালানির বাজারে আবারও মূল্যবৃদ্ধির জেরে সাধারণ মানুষের ওপর চাপ বাড়ল। মাত্র চার দিনের ব্যবধানে দ্বিতীয়বার বাড়ল পেট্রল-ডিজেলের দাম। পশ্চিম এশিয়ার উত্তেজনাপূর্ণ পরিস্থিতির জেরে আন্তর্জাতিক বাজারে তেলের দাম অস্থির হয়ে ওঠায় ভারতের অভ্যন্তরীণ বাজারেও তার প্রভাব পড়েছে বলে মনে করা হচ্ছে। কলকাতার ছবিও একই।

শহরে পেট্রলের দাম লিটার প্রতি ৯৬ পয়সা বেড়ে দাঁড়িয়েছে ১০৯.৭০ টাকায়। ডিজেলের দাম ৯৪ পয়সা বাড়ায় এখন লিটার প্রতি খরচ পড়ছে ৯৬.০৭ টাকা। ইতিমধ্যেই পরিবহন খরচ বাড়ার সম্ভাবনা নিয়ে ব্যবসায়ীরা চিন্তিত। নয়াদিল্লিতে পেট্রলের দাম লিটার প্রতি ৮৭ পয়সা বেড়ে হয়েছে ৯৮.৬৪ টাকা এবং ডিজেলের দাম ৯১ পয়সা বেড়ে ৯১.৫৮ টাকা। দক্ষিণের মহানগর চেন্নাইয়ে পেট্রলের দাম ১০৪.৪৯ টাকা এবং ডিজেলের দাম ৯৬.১১ টাকা। মুম্বইয়ে পেট্রল ১০৭.৫৯ টাকা এবং ডিজেল ৯৪.০৮ টাকায় পৌঁছেছে। শুধু শহর নয়, সারাদেশেই জ্বালানির দাম বৃদ্ধির প্রতিক্রিয়া পড়বে নিত্যপ্রয়োজনীয় সামগ্রীর বাজারে। কারণ পরিবহন খরচ বাড়লে সেই বোঝা সরাসরি গিয়ে পড়ে পণ্যদ্রব্যের দামে।

বিশেষজ্ঞদের মতে, পশ্চিম এশিয়ার যুদ্ধ পরিস্থিতি দীর্ঘস্থায়ী হলে আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম আরও বাড়তে পারে। এমন হলে আগামী দিনে আরও এক দফা মূল্যবৃদ্ধির সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যায় না। গত সপ্তাহেই একবার দাম বাড়ানো হয়েছিল, তার মধ্যেই আবার নতুন করে বাড়তি চাপ। টানা দুই বৃদ্ধি মিলিয়ে জ্বালানির বাজারে সাধারণ মানুষের আর্থিক চাপ আরও বেড়ে গেল। ফলে পরবর্তী সময়ে বাজারে মূল্যবৃদ্ধির ঢেউ উঠতে পারে বলে আশঙ্কা করছেন অর্থনীতিবিদরা।