ব্যুরো নিউজ, ২৪ অক্টোবর ২০২৬: নাশকতার ছক কষার অভিযোগে মুম্বইয়ে গ্রেপ্তার হল এক জইশ-ই-মহম্মদ (JeM) জঙ্গি। মুম্বই অ্যান্টি টেররিস্ট স্কোয়াড (ATS) মাহিম মেট্রো স্টেশন এলাকা থেকে মহম্মদ হাসান আবুর নামের ৩৩ বছর বয়সী এক জঙ্গিকে গ্রেপ্তার করেছে।
ভারতীয় ন্যায় সংহিতার একাধিক ধারায় তার বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। এটিএস সূত্রে খবর, ধৃত মহম্মদ হাসান আবুর অ্যাপ বাইক চালাত এবং পারফিউম বিক্রি করত। তবে এই ব্যবসার আড়ালে সে দেশবিরোধী কার্যকলাপে লিপ্ত ছিল বলে অভিযোগ।
তদন্তকারী আধিকারিকরা জানিয়েছেন, ধৃতের মোবাইল ফোন থেকে জইশ প্রধান মাসুদ আজহারের অডিও ক্লিপ উদ্ধার হয়েছে, যা তার জঙ্গি যোগের স্পষ্ট ইঙ্গিত দেয়। প্রাথমিক তদন্তে আরও জানা গিয়েছে, ধৃত যুবক সোশ্যাল মিডিয়ায় উগ্র দেশবিরোধী পোস্ট করত এবং পাকিস্তানি গোয়েন্দা কর্তাদের (PIO) সঙ্গে সরাসরি যোগাযোগ রাখত।
এটিএস আধিকারিকরা আরও দাবি করেন, হাসান আবুর তার অ্যাপ বাইক চালকের পরিচয় এবং পারফিউম বিক্রির আড়ালকে ব্যবহার করে নাশকতার পরিকল্পনা করছিল। তার উদ্দেশ্য ছিল মুম্বই শহরে বড়সড় হামলা চালানো। হাসান আবুর টেলিগ্রামে একটি গ্রুপ চালাত, যার মাধ্যমে সে তার নাশকতার ছক বাস্তবায়িত করার চেষ্টা করছিল। এই গ্রুপে আরও কারা যুক্ত ছিল, সে বিষয়েও তদন্ত চলছে। এটিএস এখন তার অন্যান্য সহযোগী এবং এই জঙ্গি নেটওয়ার্কের গভীরতা খতিয়ে দেখছে।
এই গ্রেপ্তারি মুম্বইয়ে সম্ভাব্য বড়সড় নাশকতার ছক ভেস্তে দিল বলে মনে করা হচ্ছে। এটিএসের এই দ্রুত ও সফল অভিযান দেশের নিরাপত্তার ক্ষেত্রে এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ।








