ব্যুরো নিউজ, ২৯ সেপ্টেম্বর ২০২৬: রাজ্যে পালাবদলের পর তৃণমূল জমানার ‘সবুজ সাথী’ প্রকল্পের নাম বদলে হয়েছে ‘সারথি’। এই ‘সারথি’ প্রকল্পে সাইকেল বিতরণ অনুষ্ঠানে এসে প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ফের তীব্র আক্রমণ শানালেন বর্তমান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।
তাঁর অভিযোগ, ‘সবুজ সাথী’ প্রকল্পে ব্যাপক দুর্নীতি হয়েছে। ভিনরাজ্য থেকে সাইকেলের যন্ত্রাংশ এনে এখানে একত্রিকরণ করা হত, আর সেই কাজের বরাত নাকি যেত প্রাক্তন মুখ্যমন্ত্রীর পরিবারের আত্মীয়দের কাছে।
শুভেন্দু অধিকারী এদিন বলেন, তৃণমূল আমলে মমতা বন্দ্যোপাধ্যায় জেলা সফরে গিয়ে সরকারি মঞ্চ থেকে পড়ুয়াদের ‘সবুজ সাথী’র সাইকেল দিতেন। কিন্তু সেই সাইকেলের গুণমান নিয়ে বারবার প্রশ্ন উঠেছে। অভিযোগ ছিল, পড়ুয়াদের দেওয়া সাইকেলের কলকব্জা সহজেই খুলে যেত এবং গুণমান ভালো ছিল না। বহু সময় দেখা গেছে, প্রচুর সংখ্যক সরকারি প্রকল্পের সাইকেল দীর্ঘদিন ধরে কোনও বন্ধ ঘরে পড়ে থাকত, যার ফলে সেগুলিতে জং ধরে যেত।
মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আরও জানান, রাজ্যে এবার থেকে ‘সারথি’ প্রকল্পে আরও উন্নতমানের সাইকেল দেওয়া হবে। যারা এই সাইকেল রাজ্যে তৈরি করবে, তাদের জমি দেওয়া হবে বলেও তিনি বড় বার্তা দিয়েছেন।
এই পদক্ষেপের মাধ্যমে একদিকে যেমন সাইকেলের গুণমান নিশ্চিত হবে, তেমনই রাজ্যের শিল্প বিকাশেও সহায়ক হবে বলে মনে করা হচ্ছে। ‘সবুজ সাথী’র দুর্নীতির অভিযোগ তুলে শুভেন্দুর এই মন্তব্য রাজনৈতিক মহলে নতুন করে শোরগোল ফেলেছে।








