ব্যুরো নিউজ, ১৬ নভেম্বর ২০২৬: ভয়াবহ গাড়ি হামলার চার সপ্তাহ পর হাসপাতাল থেকে বাড়ি ফিরলেন অস্ট্রেলিয়ার সাংসদ হেলেন হেইনস। গত ১৯ অক্টোবর গাড়ির ধাক্কায় গুরুতর আহত হয়েছিলেন ৬৫ বছর বয়সি এই স্বতন্ত্র সাংসদ। দুর্ঘটনায় তাঁর দুটি পা-ই বাদ দিতে হয়েছে। হাসপাতাল থেকে ছাড়া পাওয়ার পর আপাতত পুনর্বাসন ও সুস্থ হয়ে ওঠার পরবর্তী পর্যায়ে মন দিয়েছেন তিনি।
হাসপাতাল থেকে ছাড়া পাওয়ার পর প্রথম প্রকাশ্য বিবৃতিতে হেলেন জানিয়েছেন, চিকিৎসকদের দক্ষতা ও সহানুভূতিশীল পরিষেবার জন্য তিনি কৃতজ্ঞ। পাশাপাশি অস্ট্রেলিয়া-সহ বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে পাওয়া অসংখ্য শুভেচ্ছাবার্তা ও সমর্থন তাঁকে নতুন করে শক্তি জুগিয়েছে বলেও জানিয়েছেন তিনি।
উল্লেখ্য, গত ১৯ অক্টোবর মেলবোর্নের উত্তর-পূর্বে ওয়াঙ্গারাট্টায় নিজের নির্বাচনী কার্যালয়ের বাইরে গাড়ির ধাক্কায় গুরুতর আহত হন হেলেন। এই ঘটনায় ৪৩ বছর বয়সি ব্রেন্ডন নুজেন্টের বিরুদ্ধে বিপজ্জনকভাবে গাড়ি চালিয়ে গুরুতর আঘাত করা, ইচ্ছাকৃতভাবে গুরুতর জখম করা এবং সরকারি আধিকারিকের ক্ষতি করার অভিযোগ আনা হয়েছে। তবে এখনও নিজের বিরুদ্ধে ওঠা অভিযোগের জবাব দেননি অভিযুক্ত।
ভিক্টোরিয়া পুলিশ জানিয়েছে, অস্ট্রেলিয়ান ফেডারেল পুলিশের সহযোগিতায় তদন্ত চলছে। তবে হামলার পিছনে কী উদ্দেশ্য ছিল, তা এখনও স্পষ্ট নয়।
২০১৯ সালে ইন্ডি কেন্দ্র থেকে সংসদে নির্বাচিত হন হেলেন। রাজনীতিতে আসার আগে তিনি নার্স ও ধাত্রী হিসেবে কাজ করেছেন। জলবায়ু পরিবর্তন মোকাবিলায় কঠোর পদক্ষেপ এবং জাতীয় দুর্নীতিবিরোধী কমিশন প্রতিষ্ঠার ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল তাঁর।
এই হামলার পর অস্ট্রেলিয়ায় রাজনৈতিক বিতর্কের ভাষা ও ক্রমবর্ধমান রাজনৈতিক হিংসা নিয়েও নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। প্রধানমন্ত্রী অ্যান্থনি অ্যালবানিজ জানিয়েছেন, হেলেন ও তাঁর পরিবারের পাশে রয়েছে সরকার।









