স্বামীর হত্যার পাঁচ বছর পর প্রেসিডেন্ট পদে লড়াইয়ে মার্টিন মোইস!

হায়তির নিহত প্রেসিডেন্ট জোভেনেল মোইজের স্ত্রী মার্টিন মোইজ আগামী বছরের প্রেসিডেন্ট নির্বাচনে প্রার্থী হয়েছেন। রাজনৈতিক অস্থিরতা ও গ্যাং সহিংসতায় জর্জরিত দেশে তার প্রার্থীপদ নতুন আলোচনার জন্ম দিয়েছে।

Share:

ব্যুরো নিউজ, ১৬ নভেম্বর ২০২৬: স্বামীর হত্যাকাণ্ডের পাঁচ বছর পর এবার দেশের সর্বোচ্চ রাজনৈতিক পদে লড়াইয়ের ময়দানে নামলেন তিনি! হাইতির প্রাক্তন প্রেসিডেন্ট জোভেনেল মোইসের স্ত্রী মার্টিন মোইস আগামী বছরের প্রেসিডেন্ট নির্বাচনে প্রার্থী হিসেবে নাম নথিভুক্ত করেছেন। ২০২১ সালে স্বামীর হত্যাকাণ্ডের সময় নিজেও গুলিবিদ্ধ হয়েছিলেন তিনি। এবার সেই হাইতিরই প্রেসিডেন্ট হওয়ার দৌড়ে সামিল হলেন মার্টিন।

রবিবার হাইতির নির্বাচনী পরিষদের ওয়েবসাইটে তাঁর প্রার্থীপদ নথিভুক্ত হওয়ার তথ্য সামনে আসে। যদিও নিজের প্রার্থীপদ নিয়ে এখনও প্রকাশ্যে কোনও মন্তব্য করেননি মার্টিন। গত সপ্তাহে সমাজমাধ্যম X-এ তিনি লিখেছিলেন, হাইতি আবার নিজের পায়ে দাঁড়াবে এবং দেশের রাজনীতিতে প্রয়োজন নতুন ধরনের পরিবর্তন।

উল্লেখ্য, ২০২১ সালের জুলাই মাসে রাজধানী পোর্ট-অ-প্রিন্সে নিজের বাড়িতেই আততায়ীদের গুলিতে নিহত হন তৎকালীন প্রেসিডেন্ট জোভেনেল মোইস। সেই হামলায় গুরুতর আহত হন মার্টিন। পরে তাঁকে চিকিৎসার জন্য আমেরিকার ফ্লোরিডায় নিয়ে যাওয়া হয়েছিল। ২০২৪ সালে স্বামীর হত্যাকাণ্ডের ঘটনায় তাঁকেও অভিযুক্ত করা হয়েছিল। তবে গত বছর সেই অভিযোগপত্র বাতিল হয়ে যায়।

এদিকে, দীর্ঘ রাজনৈতিক অস্থিরতা ও গ্যাং হিংসায় জর্জরিত হাইতিতে ২০১৬ সালের পর আর কোনও প্রেসিডেন্ট নির্বাচন হয়নি। চলতি বছরের ডিসেম্বরের পরিবর্তে নিরাপত্তাজনিত কারণে নির্বাচন পিছিয়ে আগামী বছরের জুলাইয়ে করার সিদ্ধান্ত হয়েছে।

এবারের নির্বাচনে মার্টিন-সহ মোট ৩৩ জন প্রার্থী নাম নথিভুক্ত করেছেন। তাঁদের মধ্যে রয়েছেন প্রাক্তন প্রেসিডেন্ট মিশেল মার্তেলি, জোক্লেরম প্রিভের এবং প্রাক্তন প্রধানমন্ত্রী ক্লদ জোসেফও।

রাষ্ট্রসংঘের তথ্য অনুযায়ী, চলতি বছরের এপ্রিল থেকে জুনের মধ্যে হাইতিতে অন্তত ১,৪০৮ জন নিহত এবং ৬৫৬ জন আহত হয়েছেন। এমন অস্থির পরিস্থিতিতে আগামী নির্বাচন দেশটির রাজনৈতিক ভবিষ্যতের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে।