শেখ হাসিনার প্রত্যাবর্তন ঘিরে আইনি টানাপোড়েন, দায় নিতে অনীহা ঢাকার—এবার কী করবে ভারত?

শেখ হাসিনার দেশে ফেরা নিয়ে জটিলতা বাড়ছে। মৃত্যুদণ্ডের সাজা এড়াতে দায় নিতে নারাজ ঢাকা, বল ঠেলছে ভারতের কোর্টে। আপিলের সুযোগ নেই বলে জানিয়েছেন আইনমন্ত্রী।

Share:

ব্যুরো নিউজ, ১৫ নভেম্বর ২০২৬: শেখ হাসিনার দেশে ফেরা নিয়ে তৈরি হয়েছে গভীর জটিলতা। বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী দেশে ফিরতে চাইলেও, ঢাকা সরকার তাঁর মৃত্যুদণ্ডের সাজা এড়াতে দায় নিতে নারাজ। উল্টে, এই বিষয়টি এখন ভারতের কোর্টে ঠেলে দিয়েছে বাংলাদেশ। আইনমন্ত্রী আসাদুজ্জামান সাফ জানিয়েছেন, আইনি প্রক্রিয়া ছাড়া হাসিনার ফেরা সম্ভব নয় এবং তাদের দিক থেকে যা করার ছিল, তা করা হয়েছে।

প্রসঙ্গত , ২০২৪ সালের ৫ অগস্ট ছাত্র গণআন্দোলনের মুখে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশ ছাড়তে বাধ্য হয়েছিলেন। এরপর থেকে তিনি ভারতেই রাজনৈতিক আশ্রয়ে রয়েছেন।

কিন্তু দেশে ফিরলেই তাঁর জন্য অপেক্ষা করছে মৃত্যুদণ্ড। মানবতাবিরোধী অপরাধের অভিযোগে তাঁকে দোষী সাব্যস্ত করে এই সাজা ঘোষণা করেছে বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। সূত্রের খবর, হাসিনাকে ফেরাতে ভারত দুটি শর্ত রেখেছে বাংলাদেশের সামনে: ঢাকাকে সামরিক বিমান পাঠাতে হবে এবং হাসিনা যাতে দেশে ফিরে তাঁর মৃত্যুদণ্ডের সাজার বিরুদ্ধে নতুন করে আপিল করতে পারেন।

তবে আইনমন্ত্রী আসাদুজ্জামান স্পষ্ট করে দিয়েছেন যে, মানবতার বিরুদ্ধে অপরাধে দোষী সাব্যস্ত হওয়ায় হাসিনার আপিলের সুযোগ নেই। এর আগে বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রধান প্রসিকিউটর মহম্মদ আমিনুল ইসলামও জানিয়েছিলেন, শেখ হাসিনা দেশে ফিরলে তাঁকে মৃত্যুদণ্ডের মুখোমুখি হতে হবে। রায় কার্যকর হওয়া ছাড়া তাঁর সামনে আর কোনও বিকল্প নেই। এই পরিস্থিতিতে হাসিনার দেশে ফেরা নিয়ে অনিশ্চয়তা আরও ঘনীভূত হচ্ছে।