সিআইডি হানার পর অভিষেকের কড়া বার্তা: ‘মাথা নত করিনি, দমে যাওয়ার ছেলে নই’

সিআইডি হানার পর অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কড়া বার্তা: 'ইডি-সিবিআইয়ের সামনে মাথা নত করিনি, দমে যাওয়ার ছেলে নই'। বিধানসভার সই বিতর্কে সিআইডি তদন্ত।

Share:

ব্যুরো নিউজ, ৩০ মে ২০২৬ঃ শনিবার তৃণমূল নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ‘শান্তিনিকেতন’ ঠিকানায় হানা দেয় সিআইডি-র পাঁচ সদস্যের একটি দল। বিধানসভায় বিরোধী দলনেতা নির্বাচন সংক্রান্ত নথিতে বিধায়কদের স্বাক্ষর নিয়ে ওঠা বিতর্কের তদন্তেই এই পদক্ষেপ বলে জানা গেছে। তবে সিআইডি আধিকারিকরা সেখানে গিয়ে অভিষেককে পাননি। সেই সময় তিনি বেলেঘাটার তৃণমূল বিধায়ক কুণাল ঘোষের বাড়িতে ছিলেন। পরে কালীঘাটের বাড়িতে ফিরে সাংবাদিকদের মুখোমুখি হন অভিষেক।

সিআইডি হানার বিষয়ে প্রশ্ন করা হলে অভিষেক বন্দ্যোপাধ্যায় স্পষ্ট জানিয়ে দেন, তিনি শান্তিনিকেতনে থাকেন না। তাঁর সঙ্গে দেখা করতে হলে কালীঘাটের বাড়িতেই আসতে হবে। তদন্তকারী সংস্থার এই পদক্ষেপকে চ্যালেঞ্জ জানিয়ে তিনি বলেন, “কেন সিআইডি এসেছে, আমি জানি না। কোনও নোটিস পাইনি। ইডি-সিবিআইয়ের কাছে মাথা নত করিনি, সিআইডি কী?”

অভিষেক আরও বলেন, “দশ পুরুষও যদি চেষ্টা করে, ইডি, সিবিআই, পুরসভা বা বাড়ি ভাঙার নোটিস – যা খুশি করুক, আমি দমে যাওয়ার লোক নই।” প্রয়োজনে আইনি পথে লড়াই করার কথাও জানান তিনি। সূত্রের খবর, বিধানসভায় শোভনদেব চট্টোপাধ্যায়ের বিরোধী দলনেতা নির্বাচনকে কেন্দ্র করে জমা পড়া একটি চিঠিতে কিছু বিধায়কের স্বাক্ষরের সত্যতা নিয়ে প্রশ্ন ওঠায় সিআইডি তদন্ত শুরু করেছে। এই ঘটনা রাজ্য রাজনীতিতে নতুন করে আলোড়ন সৃষ্টি করেছে।