ব্যুরো নিউজ, ৩০ মে ২০২৬ঃ সোনারপুরে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ওপর হামলার ঘটনায় তীব্র রাজনৈতিক চাপানউতোর শুরু হয়েছে। এই ঘটনায় সরব হয়েছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। তৃণমূল কংগ্রেসের তরফে সমাজমাধ্যমে পোস্ট করা একটি ভিডিও তুলে ধরে মমতা লেখেন, “শাসক-ই এখন ঘাতক।” তিনি বিজেপিকে নিশানা করে আরও লেখেন, “লজ্জা বিজেপি।”
তৃণমূল কংগ্রেস তাদের অফিসিয়াল সমাজমাধ্যম পোস্টে অভিযোগ করেছে যে, বিজেপি সমর্থিত দুষ্কৃতকারীরা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ওপর নৃশংস আক্রমণ চালিয়েছে। পোস্টে বলা হয়েছে, এই আক্রমণের পরেও অভিষেক পিছু না হটে একটি বিধ্বস্ত পরিবারের পাশে দাঁড়িয়েছেন। তৃণমূলের তরফে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকেও আক্রমণ করা হয়েছে, বলা হয়েছে আজকের ঘটনা তাঁর পরিচালিত ‘ভীতি প্রদর্শন, সহিংসতা এবং প্রতিহিংসা’র রাজনীতিকে উন্মোচিত করেছে। এই হামলার তীব্র প্রতিবাদ জানিয়েছেন তৃণমূল বিধায়ক কুণাল ঘোষও।
তিনি সমাজমাধ্যমে প্রশ্ন তুলেছেন, “এটা হল কী করে? পুলিশ প্রশাসন কী করছিল? কেন অভিষেককে ঘিরে এই তাণ্ডব এতক্ষণ চলতে দেওয়া হল??” তিনি রাজীব গান্ধীর সময়ের নিরাপত্তা তুলে নেওয়ার ঘটনার সঙ্গে এর তুলনা টেনেছেন। অন্যদিকে, বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য এই ঘটনার সঙ্গে তাঁদের দলের কোনও যোগসূত্র অস্বীকার করেছেন। সংবাদমাধ্যমে তিনি বলেন, “বিজেপি এর সঙ্গে যুক্ত নয়। এই ধরণের হেনস্থার ঘটনাকে বিজেপি সমর্থন করে না।” শমীক ভট্টাচার্য আরও দাবি করেন, বিজেপি সংযম বজায় রেখেছে বলেই অভিষেক সোনারপুর পৌঁছতে পেরেছেন, অন্যথায় তৃণমূল নেতারা রাস্তায় বেরোতে পারতেন না। এই ঘটনায় রাজ্য রাজনীতিতে উত্তাপ চরমে।








