বিধায়ক সই জালিয়াতি কাণ্ড: অভিষেকের কাছে CID খুঁজছে ‘সেই’ আসল রেজোলিউশন বুক, ফের তলব

বিধায়ক সই জালিয়াতি কাণ্ডে CID-র মুখোমুখি অভিষেক বন্দ্যোপাধ্যায়। গোয়েন্দারা খুঁজছেন আসল রেজোলিউশন বুক, যেখানে বিধায়কদের স্বাক্ষর ছিল। জালিয়াতির সম্ভাবনা খতিয়ে দেখা হচ্ছে।

Share:

ব্যুরো নিউজ, ১২ জুন ২০২৬ঃ বিধায়ক সই জালিয়াতি কাণ্ডে অবশেষে রাজ্য পুলিশের গোয়েন্দা সংস্থা CID-র মুখোমুখি হলেন সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। গত তিনবার হাজিরা এড়ানোর পর কলকাতা হাইকোর্টের নির্দেশে বৃহস্পতিবার ভবানীভবনে এসেছিলেন তিনি। জানা গিয়েছে, নির্ধারিত সময়ের আগেই ভবানীভবনে পৌঁছে প্রায় সাড়ে পাঁচ ঘণ্টা ধরে তাঁকে জেরা করে সিআইডি। তদন্তকারীদের অন্যতম গুরুত্বপূর্ণ প্রশ্ন ছিল, মূল বা অরিজিনাল রেজোলিউশন বুকটি এখন কোথায়? এই নথিটি উদ্ধার করা গেলে সই জালিয়াতির অভিযোগের সত্যতা যাচাই করা সহজ হবে বলে মনে করছেন গোয়েন্দারা।

সূত্রের খবর, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জন্য সিআইডি যে প্রশ্নমালা তৈরি করেছিল, তাতে এই রেজোলিউশন বুক নিয়েই বিস্তারিত জানতে চাওয়া হয়। বিধানসভায় বিরোধী দলনেতা কে হবেন, সেই সংক্রান্ত সই জালিয়াতির অভিযোগকে কেন্দ্র করে যে আসল রেজোলিউশন বুকটি ছিল, সেটি কোথায় গেল, এই ছিল মূল জিজ্ঞাসা। তদন্তকারীদের দাবি, আসল বইটি উদ্ধার করা গেলে সহজেই যাচাই করা সম্ভব হবে প্রকৃতপক্ষে কতজন বিধায়ক স্বাক্ষর করেছিলেন এবং অভিযোগ অনুযায়ী কতগুলি সই জাল। সিআইডি-র নজরে এসেছে, জমা দেওয়া নথিতে কয়েকজনের নাম ইংরেজির বড় হাতের অক্ষরে লেখা রয়েছে। প্রশ্ন উঠেছে, কোনো বিধায়কের স্বাক্ষর কীভাবে শুধুমাত্র বড় হাতের অক্ষরে লেখা নাম হতে পারে? এই নামগুলি সংশ্লিষ্ট বিধায়কদের নিজের হাতে লেখা কি না, তা নিয়েও তদন্ত চলছে। তদন্তকারীদের প্রাথমিক সন্দেহ, ওই তালিকার একাধিক স্বাক্ষর প্রকৃত নয় এবং সেখানে জালিয়াতির সম্ভাবনা রয়েছে।

পাশাপাশি রেজোলিউশনের প্রতিলিপির নীচে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের স্বাক্ষর থাকায় তাঁর ভূমিকা সম্পর্কেও বিস্তারিত জানতে চাওয়া হয়েছিল সিআইডি-র তরফে। ৭০ জন বিধায়কের সম্মতি আদৌ নেওয়া হয়েছিল কি না, প্রত্যেকের সঙ্গে যোগাযোগ হয়েছিল কি না এবং ওই বৈঠকে কারা উপস্থিত ছিলেন, তা জানতে চাওয়া হয়। এর আগে, ওই রেজোলিউশন বুকের খোঁজে তৃণমূলের দলীয় কার্যালয় থেকে অভিষেকের বাড়িতেও গিয়েছিল সিআইডি, কিন্তু তা মেলেনি। তদন্তের ক্ষেত্রে এই নথিটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে।