ব্যুরো নিউজ, ১৫ জুন ২০২৬ঃ প্রাথমিকে নিয়োগ দুর্নীতি মামলার তদন্তে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)-এর মুখোমুখি হয়েছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। সোমবার সল্টলেকের সিজিও কমপ্লেক্সে বেলা ১১টা নাগাদ তাঁকে হাজিরার নির্দেশ দেওয়া হলেও, নির্দিষ্ট সময়ের আগেই তিনি দফতরে পৌঁছান।
সর্বশেষ খবর অনুযায়ী, ইতিমধ্যেই জিজ্ঞাসাবাদের ৯ ঘণ্টা পার হয়ে গিয়েছে, তবে এখনও ইডি দফতরেই রয়েছেন অভিষেক। ভিতরে প্রবেশের সময় সাংবাদিকদের সামনে তিনি কোনও মন্তব্য করতে চাননি। গোয়েন্দারা মূলত দুটি বিষয় নিয়ে তাঁকে জিজ্ঞাসাবাদ করছেন: তাঁর নিজস্ব সংস্থা ‘লিপ্স অ্যান্ড বাউন্ডস’-এর সন্দেহজনক আর্থিক লেনদেন এবং একটি বিতর্কিত অডিও ক্লিপ। সিবিআই তাদের চার্জশিটে এই অডিওর অবতারণা করে দাবি করেছিল যে, এতে চাকরি বিক্রির অর্থ জনৈক ‘অভিষেক বন্দ্যোপাধ্যায়’-এর কাছে পাঠানোর স্পষ্ট উল্লেখ ছিল।
এই অডিও রহস্যের জট খুলতেই পূর্বে ‘কালীঘাটের কাকু’ সুজয়কৃষ্ণ ভদ্রের কণ্ঠস্বরের নমুনা পরীক্ষা করা হয়েছিল। এদিন সিজিও কমপ্লেক্সে অন্যবারের তুলনায় নিরাপত্তা ছিল চোখে পড়ার মতো শিথিল। কোনও অতিরিক্ত পুলিশ বা কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়নি। উল্লেখ্য, রবিবারই বিধানসভা সই জাল মামলায় সিআইডি তাঁকে টানা সাড়ে আট ঘণ্টা জিজ্ঞাসাবাদ করে। আগামী দিনেও তাঁকে একাধিক কেন্দ্রীয় ও রাজ্য সংস্থার জিজ্ঞাসাবাদের মুখোমুখি হতে হবে। তবে এই নিয়োগ দুর্নীতি মামলায় আদালতের কোনও আইনি সুরক্ষাকবচ তাঁর কাছে নেই।








