FIR খারিজের দাবিতে হাইকোর্টে অভিষেক বন্দ্যোপাধ্যায়, একাধিক ধারায় মামলা দায়ের

একাধিক এফআইআর-এর বিরুদ্ধে হাইকোর্টে অভিষেক বন্দ্যোপাধ্যায়। দুর্নীতি ও হুমকির অভিযোগে দায়ের হওয়া মামলা খারিজের আবেদন।

Share:

ব্যুরো নিউজ, ১৮ই মে ২০২৬ঃ তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে দায়ের হওয়া একাধিক এফআইআর খারিজের দাবিতে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হলেন তিনি। গতকাল তাঁর বিরুদ্ধে একটি এফআইআর দায়ের হয়েছিল, এবং তার আগেও হুমকি দেওয়ার অভিযোগে আরও একটি মামলা রুজু হয়েছিল। এই সমস্ত মামলা খারিজের আবেদন জানিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।

প্রসঙ্গত, গতকাল তৃণমূল কংগ্রেসের প্রাক্তন বিধায়ক গিয়াসউদ্দিন মোল্লা তাঁর বিরুদ্ধে কোটি কোটি টাকার দুর্নীতির অভিযোগ এনে এফআইআর দায়ের করেন। তাঁর অভিযোগ, মগরাহাট বিধানসভার বিভিন্ন পঞ্চায়েত স্তরে টিকিট পাইয়ে দেওয়ার পিছনে অভিষেকের হাত রয়েছে। এর আগে, নির্বাচনী প্রচারে কেন্দ্রীয় নেতাদের হুমকি দেওয়ার অভিযোগে বিধাননগর পুলিশের সাইবার ক্রাইম থানায় তাঁর বিরুদ্ধে একটি এফআইআর দায়ের করা হয়েছিল।

অভিযোগ, তিনি উস্কানিমূলক মন্তব্য করেছেন। মোট পাঁচটি ধারায় এই এফআইআরগুলি দায়ের করা হয়েছে। এর মধ্যে রয়েছে ভারতীয় ন্যায় সংহিতার ১৯০ ধারা (দাঙ্গার উদ্দেশ্যে উস্কানিমূলক বক্তব্য), ৩৫১/২ ধারা (মৃত্যুর ভয় দেখিয়ে সম্মান নষ্ট), ১৯৬ ধারা (গোষ্ঠী সম্প্রীতি নষ্ট করা), এবং ৩৫৩(১)(সি) ধারা (মিথ্যা ও বিভ্রান্তিকর বক্তব্য ছড়ানো)। এই সমস্ত অভিযোগের ভিত্তিতে দায়ের হওয়া মামলাগুলি দ্রুত খারিজের আবেদন জানিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।