অভিষেকের মন্তব্যে তীব্র ভর্ৎসনা হাইকোর্টের, বিচারপতির প্রশ্ন ‘৩ বারের সাংসদ কেন এমন বলবেন?’

অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মন্তব্য মামলায় কলকাতা হাইকোর্টে তীব্র ভর্ৎসনার মুখে পড়লেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। বিচারপতি সৌগত ভট্টাচার্য তাঁর দায়িত্বজ্ঞানহীন মন্তব্য নিয়ে প্রশ্ন তোলেন।

Share:

ব্যুরো নিউজ, ২২ মে ২০২৬ঃ রাজ্যের রাজনৈতিক মহলে ফের আলোচনার কেন্দ্রবিন্দুতে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। নির্বাচনের আগে তাঁর করা এক কড়া মন্তব্যকে ঘিরে দায়ের হওয়া মামলায় কলকাতা হাইকোর্টে গুরুত্বপূর্ণ শুনানি অনুষ্ঠিত হয়। বিচারপতি সৌগত ভট্টাচার্যের বেঞ্চে এই শুনানিতে একদিকে যেমন অভিষেককে সাময়িক রক্ষাকবচ দেওয়া হয়েছে, তেমনই তাঁর মন্তব্য নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করেছেন আদালত।

আদালত নির্দেশ দিয়েছে যে, আগামী ৩১ জুলাই পর্যন্ত অভিষেক বন্দ্যোপাধ্যায়ের রক্ষাকবচ বহাল থাকবে। তবে তদন্তকারী সংস্থা নোটিস পাঠালে তাঁকে অবশ্যই পূর্ণ সহযোগিতা করতে হবে। এছাড়াও, বিচারপতির অনুমতি ছাড়া তিনি বিদেশে যেতে পারবেন না এবং বিদেশ সফরে গেলে ৪৮ ঘণ্টা আগে তদন্তকারী সংস্থাকে জানাতে হবে। মামলার পরবর্তী শুনানি ধার্য হয়েছে আগামী ২০ জুলাই। শুনানির শুরুতেই বিচারপতি সৌগত ভট্টাচার্য অভিষেকের মন্তব্য নিয়ে কড়া পর্যবেক্ষণ দেন।

তিনি প্রশ্ন তোলেন, “৩ বারের সাংসদ, তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক কেন এমন দায়িত্বজ্ঞানহীন মন্তব্য করেন? ভোটের আগে কেন এমন মন্তব্য করবেন?” অভিষেকের আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায় নির্বাচনের সময় রাজনৈতিক উত্তেজনার কথা বললেও, আদালত সেই ব্যাখ্যায় সন্তুষ্ট হয়নি। বিচারপতি স্পষ্ট ভাষায় বলেন, “পশ্চিমবঙ্গের ইতিহাস অন্য কথা বলছে। তাঁর কাছ থেকে এমন মন্তব্য আশা করা যায় না। তিনি বিচক্ষণ মন্তব্য করবেন এটাই তো হওয়া উচিত।” এই মামলার রায় রাজনৈতিক ও আইনি মহলে যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে।