ব্যুরো নিউজ, ১ জুন ২০২৬ঃ বহুল চর্চিত সই জাল জালিয়াতির মামলায় জিজ্ঞাসাবাদের জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায়কে সমন পাঠিয়েছিল সিআইডি। আজ, সোমবার তাঁকে ভবানী ভবনে হাজির হওয়ার নির্দেশ দেওয়া হলেও, অসুস্থতার কারণ দেখিয়ে তিনি হাজিরা এড়িয়ে যান। এরপরই নাটকীয় মোড় নেয় ঘটনাটি। ভবানী ভবনে গোয়েন্দাদের মুখোমুখি না হলেও, সরাসরি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটের বাসভবনে পৌঁছে যান সিআইডি আধিকারিকরা।
বর্তমানে বাড়ির বাইরে গোয়েন্দা তৎপরতা তুঙ্গে এবং বাড়ির পুঙ্খানুপুঙ্খ ভিডিওগ্রাফি করা হচ্ছে। শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে অভিষেক সিআইডি-কে একটি লিখিত আবেদনপত্র পাঠিয়ে পরবর্তী জিজ্ঞাসাবাদের জন্য অন্তত ১৫ দিনের বাড়তি সময় চেয়ে নিয়েছেন। তবে তদন্তের গতি স্তব্ধ রাখতে নারাজ সিআইডি। ভবানী ভবনে হাজিরা এড়ানোর কিছুক্ষণের মধ্যেই সিআইডি-র একটি বিশেষ দল দক্ষিণ কলকাতার কালীঘাটের হরিশ চ্যাটার্জি স্ট্রিটের দিকে রওনা দেয়।
প্রসঙ্গত, শনিবার অভিষেক বন্দ্যোপাধ্যায় ‘ভোট-পরবর্তী হিংসায়’ নিহত এক দলীয় কর্মীর পরিবারের সঙ্গে দেখা করতে গিয়ে সোনারপুরে বিক্ষোভ ও হামলার মুখে পড়েন। পরে চিকিৎসার জন্য তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হলেও, দুটি বেসরকারি হাসপাতালই তাঁকে ভর্তি নেয়নি। বর্তমানে তিনি বাড়িতেই রয়েছেন। এই মামলায় তদন্তের জন্য পাঁচ সদস্যের একটি সিট গঠন করেছে সিআইডি। বিধানসভায় জমা পড়া একটি চিঠিকে ঘিরে এই বিতর্কের সূত্রপাত, যেখানে কয়েকজন বিধায়কের স্বাক্ষর নিয়ে প্রশ্ন ওঠে।








