বাড়ি ভাঙার নোটিস নিয়ে ফুঁসে উঠলেন অভিষেক, KMC-কে পাল্টা চ্যালেঞ্জ: ‘আগে বেআইনি অংশ চিহ্নিত করুক!’

বাড়ি ভাঙার KMC নোটিস নিয়ে ফুঁসে উঠলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। KMC-কে পাল্টা চ্যালেঞ্জ ছুড়ে বললেন, 'আগে নির্দিষ্ট করে বেআইনি অংশ চিহ্নিত করুক!'

Share:

ব্যুরো নিউজ, ২২ মে ২০২৬ঃ কলকাতা পুরসভার বাড়ি ভাঙার নোটিস নিয়ে এবার কড়া প্রতিক্রিয়া দিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। কালীঘাটে তৃণমূল কাউন্সিলরদের জরুরি বৈঠক শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি পুরসভার নির্দেশিকা প্রসঙ্গে প্রশ্ন করা হলে অত্যন্ত ক্ষুব্ধ দেখায় তাঁকে। পাল্টা চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে অভিষেক বলেন, “আগে বলতে বলুন নির্দিষ্ট করে কোন অংশটা বেআইনি। স্পেসিফিক বলতে বলুন, তারপর এসব জিজ্ঞেস করবেন।” বিগত বেশ কয়েক দিন ধরেই অভিষেকের দুটি সম্পত্তি— ১৮৮এ, হরিশ মুখার্জি রোডের ‘শান্তিনিকেতন’ এবং ১২১ কালীঘাট রোডের বাড়ি— পুরসভার স্ক্যানারে রয়েছে।

পুরসভার দাবি, এই দুটি বাড়ির নির্মাণে মূল নকশার বাইরে গিয়ে ‘প্ল্যান-বহির্ভূত’ বেশ কিছু অংশ তৈরি করা হয়েছে, যা সম্পূর্ণ বেআইনি। নোটিসে আগামী ৭ দিনের মধ্যে ওই বেআইনি অংশ নিজেদের উদ্যোগে ভেঙে ফেলার নির্দেশ দেওয়া হয়েছে। অন্যথায় পুরসভা বুলডোজার নামিয়ে তা গুঁড়িয়ে দেবে বলেও হুঁশিয়ারি দিয়েছে। পুরসভার এই চরম হুঁশিয়ারির জবাবেই আজ পাল্টা রণং দেহি মেজাজে সুনির্দিষ্ট প্রমাণের দাবি তুললেন অভিষেক।

এর আগে দলের বিধায়কদের নিয়ে রুদ্ধদ্বার বৈঠকে তিনি সাফ জানিয়েছিলেন, “ওরা যা খুশি করুক। আমার বাড়ি ভেঙে দিক, নোটিস পাঠাক। আমি এসবের কাছে কোনও অবস্থাতেই মাথা নত করব না।” মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে আক্রমণ করে অভিষেক বলেন, এমন মানসিকতার মুখ্যমন্ত্রী বাংলা আগে কখনও দেখেনি। এই ঘটনা ঘিরে রাজ্য রাজনীতিতে নতুন করে উত্তেজনা ছড়িয়েছে।