ব্যুরো নিউজ, ১৯ই মে ২০২৬ঃ তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মা লতা বন্দ্যোপাধ্যায়কে বেআইনি নির্মাণের অভিযোগে নোটিশ পাঠাল কলকাতা পুরসভা (KMC)। কালীঘাটের ১২১ নম্বর কালীঘাট রোড এবং ১৮৮এ হরিশ মুখার্জি রোডে অবস্থিত তাঁদের বাড়িতে বেশ কিছু অবৈধ নির্মাণের অভিযোগ উঠেছে।
পুরসভার বিল্ডিং বিভাগ সূত্রে খবর, KMC-র আধিকারিকরা সম্প্রতি ওই বাড়ি পরিদর্শনে গিয়ে বেশ কিছু অংশ ভেঙে নতুন করে নির্মাণের প্রমাণ পান। পুরসভার ৪০০০ (১) ধারা অনুযায়ী এই নোটিশ পাঠানো হয়েছে। নোটিশে স্পষ্ট জানানো হয়েছে, আগামী সাত দিনের মধ্যে সমস্ত অবৈধ নির্মাণ ভেঙে ফেলতে হবে। যদি নির্দিষ্ট সময়ের মধ্যে এই নির্দেশ পালন না করা হয়, তবে পুরসভা নিজেই সেই অংশ ভেঙে ফেলার প্রক্রিয়া শুরু করবে এবং ভাঙার যাবতীয় খরচ সংশ্লিষ্ট মালিকপক্ষকেই বহন করতে হবে।
উল্লেখ্য, ১২১ কালীঘাট রোডের বাড়িতে মোট সাতটি নোটিশ পৌঁছেছে, যার মধ্যে পাঁচটি ‘লিপস অ্যান্ড বাউন্ডস’ সংস্থার নামে, একটি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মা লতা বন্দ্যোপাধ্যায় এবং অমিত বন্দ্যোপাধ্যায়ের নামে, এবং অন্যটি শুধু লতা দেবীর নামে। আর্থিক দুর্নীতির মামলায় ইতিমধ্যেই ‘লিপস অ্যান্ড বাউন্ডস’ ইডির স্ক্যানারে রয়েছে। এই নোটিশের সময়কাল নিয়েও রাজনৈতিক মহলে জোর চর্চা চলছে, কারণ সম্প্রতি বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী অভিষেকের সম্পত্তির তালিকা নিয়ে সরব হয়েছিলেন। এই ঘটনা রাজ্য রাজনীতিতে নতুন মাত্রা যোগ করেছে।







