ব্যুরো নিউজ, ৩০ মে ২০২৬ঃ সোনারপুরে চরম নিগ্রহের শিকার হলেন তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। এক মৃত তৃণমূল কর্মীর বাড়িতে যাওয়ার পথে স্থানীয় বাসিন্দাদের তীব্র বিক্ষোভের মুখে পড়েন তিনি। জুতো, ডিম ছোঁড়ার পাশাপাশি অভিষেকের জামা ধরে টানাটানিও করা হয়। এই ঘটনায় পুলিশের নিষ্ক্রিয়তার অভিযোগ তুলে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হওয়ার কথা জানিয়েছেন অভিষেক।
ঘটনার সূত্রপাত হয় সোনারপুরে, যেখানে এক মৃত তৃণমূল কর্মীর বাড়িতে সমবেদনা জানাতে গিয়েছিলেন অভিষেক। সেখানে পৌঁছানোর আগেই তাঁকে ঘিরে ধরে ‘চোর চোর’ স্লোগান দিতে শুরু করেন উত্তেজিত জনতা। তাঁর দিকে ডিম ও জুতো ছোঁড়া হয় এবং সাদা জামা ছিঁড়ে দেওয়া হয়। অভিষেক বন্দ্যোপাধ্যায় অভিযোগ করেন, তিনি আসার আগে পুলিশকে খবর দেওয়া সত্ত্বেও কোনও নিরাপত্তা বাহিনী ঘটনাস্থলে উপস্থিত ছিল না। তাঁর জীবনহানির আশঙ্কা ছিল বলেও তিনি দাবি করেন।
এই ঘটনার পর মৃত কর্মীর বাড়ি থেকেই সাংবাদিকদের মুখোমুখি হয়ে অভিষেক বলেন, “ওরা আমাকে প্রাণে মেরে ফেলতে চায়। মেরে ফেলুক। আমার মৃতদেহ উদ্ধার হোক এখান থেকে। আমি সঞ্জুর বৃদ্ধ বাবা-মাকে ছেড়ে যাব না, যতক্ষণ না ফোর্স এসে উদ্ধার করবে ততক্ষণ এখানেই থাকব।” তিনি আরও জানান, এই ঘটনায় তিনি হাইকোর্ট এবং সুপ্রিম কোর্টে যাবেন। প্রয়োজনে তিনি নিজেই পিটিশনার হিসেবে আবেদন দাখিল করবেন, কারণ সংবিধান তাঁকে সেই অধিকার দিয়েছে।
দীর্ঘ দেড় ঘণ্টা বিক্ষোভের মুখে থাকার পর অবশেষে পুলিশ ও কেন্দ্রীয় বাহিনীর এসকর্টে তাঁকে নিরাপদে বের করে নিয়ে যাওয়া হয়। এই ঘটনা রাজ্যের রাজনৈতিক মহলে ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছে এবং শাসক দলের বিরুদ্ধেও ইঙ্গিতপূর্ণ মন্তব্য করেছেন অভিষেক।








