অভিষেকের চার্টার্ড বিমান সফর ঘিরে তৃণমূলের অন্দরে ক্ষোভ, কুণাল বললেন ‘দলের টাকায় বিলাসিতা সমর্থন করি না’

অভিষেকের চার্টার্ড বিমান সফর ঘিরে তৃণমূলের অন্দরে ক্ষোভ। কুণাল ঘোষের মন্তব্যে বিতর্ক। দলের আর্থিক সংকটের মাঝে কোটি টাকার বিমান খরচের উৎস নিয়ে প্রশ্ন।

Share:

ব্যুরো নিউজ, ১৯ জুন ২০২৬ঃ রাজ্যে ক্ষমতা হারানোর পর থেকেই তৃণমূল কংগ্রেসের অন্দরে নানা সংকট দানা বেঁধেছে। এই পরিস্থিতিতে দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের চার্টার্ড বিমান সফর ঘিরে নতুন করে ক্ষোভের মেঘ জমছে। সম্প্রতি দিল্লি-কলকাতা যাতায়াতে অভিষেকের এই বিলাসবহুল উড়ান দলের নিচুতলার কর্মীদের মধ্যে অসন্তোষ বাড়িয়েছে। তৃণমূল নেতা কুণাল ঘোষ এই বিষয়ে মুখ খুলে দলের অস্বস্তি আরও বাড়িয়েছেন।

তিনি স্পষ্ট ভাষায় জানিয়েছেন, “অভিষেক বন্দ্যোপাধ্যায় যদি চার্টার্ড বিমানে গিয়ে থাকেন এবং তার টাকা যদি দলের তহবিল থেকে খরচ হয়ে থাকে, তাহলে দলীয় কর্মী হিসেবে সেটাকে আমি কোনওভাবেই সমর্থন করছি না।” শুধু অভিষেকই নন, সম্প্রতি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও একই চার্টার্ড বিমানে দিল্লি সফর করেছেন। বিমানবন্দর সূত্রে খবর, এই ধরনের উড়ানের প্রতি ঘণ্টার ভাড়া ৫ থেকে ১০ লক্ষ টাকা। কলকাতা থেকে দিল্লি যাতায়াতে প্রায় ৫ ঘণ্টা সময় লাগে, ফলে একদিনের সফরে মোট খরচ ৫০ লক্ষ থেকে ১ কোটি টাকা পর্যন্ত হতে পারে। দলের কোষাধ্যক্ষ অরূপ বিশ্বাস যখন তৃণমূলের ৫৩৪ কোটি টাকার অ্যাকাউন্ট সাময়িকভাবে লেনদেন বন্ধ রাখার আর্জি জানিয়েছেন, তখন এই বিপুল খরচের উৎস নিয়ে প্রশ্ন উঠছে।

দলের অন্দরের খবর, নিচুতলার কর্মীরা যখন আইনি জটিলতা ও পুলিশি হেনস্থার শিকার, তখন শীর্ষ নেতৃত্বের এমন বিলাসিতা দেখে দলের একাংশ কালীঘাটের বিরুদ্ধে বিদ্রোহের প্রস্তুতি নিচ্ছে। লোকসভার স্পিকার ওম বিড়লার বিশেষ শুনানিতে যোগ দিতে অভিষেক আজও চার্টার্ড বিমানেই দিল্লি রওনা দিয়েছেন বলে জানা গেছে। এই পরিস্থিতিতে, দলের আর্থিক সংকটের মাঝে এই বিপুল খরচের দায় কে বহন করছে, তা নিয়ে রাজনৈতিক মহলে জোর জল্পনা চলছে।