ডিজে মন্তব্য মামলাতেও সিআইডি তদন্তের মুখে অভিষেক বন্দ্যোপাধ্যায়, বাড়ল চাপ

অভিষেক বন্দ্যোপাধ্যায়ের 'ডিজে মন্তব্য' মামলার তদন্তভার এবার সিআইডির হাতে। সই জাল কাণ্ডের পর এই নতুন মামলায় তৃণমূল নেতার উপর চাপ বাড়ল। জানুন বিস্তারিত।

Share:

ব্যুরো নিউজ, ১১ জুন ২০২৬ঃ লোকসভা নির্বাচনের প্রচার চলাকালীন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ‘ডিজে মন্তব্য’ ঘিরে দায়ের হওয়া মামলার তদন্তভার এবার রাজ্য গোয়েন্দা সংস্থা সিআইডির হাতে গেল। এই ঘটনায় তৃণমূল নেতা আরও সাঁড়াশি চাপের মুখে পড়লেন বলে মনে করা হচ্ছে। এর আগে বিধায়কদের সই জালিয়াতি মামলার তদন্তভারও সিআইডিকে দেওয়া হয়েছিল, যে মামলায় আজই ডায়মন্ড হারবারের সাংসদকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে।

সূত্র মারফত জানা গিয়েছে, বাগুইআটির বাসিন্দা রাজীব সরকার অভিষেকের বিরুদ্ধে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের বিরুদ্ধে মন্তব্য এবং ডিজে মন্তব্য নিয়ে অভিযোগ দায়ের করেছিলেন। বিধাননগর সাইবার ক্রাইম থানায় দায়ের হওয়া সেই অভিযোগের ভিত্তিতে পুলিশ তদন্ত শুরু করেছিল। এবার সেই তদন্তের সমস্ত তথ্য, ফেসবুক ভিডিওর লিঙ্ক-সহ যাবতীয় নথি রাজ্য গোয়েন্দা শাখার তদন্তকারীদের হাতে তুলে দেওয়া হয়েছে।

নির্বাচনী সভা থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছিলেন, ফল ঘোষণার পর রবীন্দ্র সঙ্গীতের পাশাপাশি ডিজেও বাজবে। তাঁর এই মন্তব্যকে কেন্দ্র করেই বিতর্ক দানা বাঁধে এবং পরে এফআইআর দায়ের হয়। পরপর দুটি গুরুত্বপূর্ণ মামলার তদন্তভার সিআইডির হাতে যাওয়ায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উপর চাপ ক্রমশ বৃদ্ধি পাচ্ছে বলে রাজনৈতিক মহলের ধারণা। এই তদন্তের পরবর্তী পদক্ষেপ কী হয়, সেদিকেই এখন নজর রাখছে ওয়াকিবহাল মহল।