ব্যুরো নিউজ, ১২ জুন ২০২৬ঃ সই জালিয়াতি কাণ্ডে এবার তৃণমূলের দুই শীর্ষ নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং কুণাল ঘোষকে মুখোমুখি বসিয়ে জেরা করতে পারে সিআইডি। আগামী রবিবার ভবানী ভবনে এই জিজ্ঞাসাবাদের সম্ভাবনা তৈরি হয়েছে। বৃহস্পতিবার অভিষেককে জেরা করে সন্তোষজনক উত্তর না পাওয়ায় ফের তাঁকে তলব করা হয়েছে। অন্যদিকে, কুণাল ঘোষকে সাক্ষী হিসেবে তলব করেছে সিআইডি।
গোয়েন্দা সূত্রে খবর, অভিষেকের বয়ানে অসঙ্গতি ধরা পড়লে কুণালের সঙ্গে তাঁকে মুখোমুখি বসানো হতে পারে। সিআইডি মূলত তিনটি প্রশ্ন নিয়ে তদন্ত চালাচ্ছে – বিরোধী দলনেতা নির্বাচনের রেজোলিউশন কবে হয়েছিল (৬ মে নাকি ১৯ মে), বৈঠকের কার্যবিবরণী বা আসল খাতাটি কোথায়, এবং যাঁদের সই নকল করা হয়েছে বলে অভিযোগ, তাঁদের হয়ে সই কারা করেছিলেন? কলকাতা হাইকোর্ট অভিষেক বন্দ্যোপাধ্যায়কে তদন্তে সবরকম সহযোগিতা করার নির্দেশ দিয়েছে। সহযোগিতা করলেই তাঁর রক্ষাকবচ বহাল থাকবে।
তবে সিআইডি সূত্রে ইতিমধ্যেই অসহযোগিতার অভিযোগ উঠতে শুরু করেছে। অতীতে পার্থ চট্টোপাধ্যায় বা জ্যোতিপ্রিয় মল্লিকের মতো নেতাদের ক্ষেত্রে অসহযোগিতার অভিযোগ তুলেই কেন্দ্রীয় এজেন্সি তাঁদের গ্রেফতার করেছিল। বাংলায় ক্ষমতা বদলের পর এই মামলায় তৃণমূলের দুই গুরুত্বপূর্ণ নেতার মুখোমুখি জেরা রাজনৈতিক মহলে ব্যাপক জল্পনা তৈরি করেছে। তদন্তের গতিপ্রকৃতি এখন সবার নজরে।







