ব্যুরো নিউজ, ৯ সেপ্টেম্বর ২০২৬: দুর্গাপুজোর আগে শহরের বিভিন্ন প্রান্তে ভেজাল ও নিম্নমানের পণ্য বিক্রির বিরুদ্ধে কড়া অভিযান চালাচ্ছে প্রশাসন। এরই ধারাবাহিকতায় বুধবার কলকাতার বড়বাজারের মেহতা বিল্ডিংয়ে ওষুধের দোকানে হানা দিল রাজ্য ড্রাগ কন্ট্রোল এবং কলকাতা পুলিশের এনফোর্সমেন্ট ব্রাঞ্চ (ইবি)। অভিযোগ, এই এলাকায় দীর্ঘদিন ধরে জাল, মেয়াদোত্তীর্ণ এবং নিম্নমানের ওষুধ বিক্রি হচ্ছে। সকাল থেকে দুই সংস্থার আধিকারিকরা মেহতা বিল্ডিংয়ের একাধিক পাইকারি ওষুধের দোকানে তল্লাশি চালান।
প্রতিটি দোকানের ওষুধের ব্যাচ নম্বর, বিক্রির নথি এবং মজুত ওষুধের গুণগত মান খতিয়ে দেখা হয়। নিষিদ্ধ ড্রাগ বা জাল ওষুধের কারবার চলছে কিনা, সেদিকেও বিশেষ নজর ছিল আধিকারিকদের।
জানা গিয়েছে, তল্লাশি চলাকালীন বেশ কিছু সন্দেহজনক ওষুধ বাজেয়াপ্ত করা হয়েছে, যা পরীক্ষার জন্য পাঠানো হবে। বড়বাজারের মেহতা বিল্ডিং রাজ্যের অন্যতম প্রধান পাইকারি ওষুধের বাজার। এখান থেকেই রাজ্যের বিভিন্ন প্রান্তে ওষুধ সরবরাহ করা হয়। অতীতেও এই এলাকায় ভেজাল ওষুধের কারবার প্রকাশ্যে এসেছে, যা জনস্বাস্থ্যের জন্য মারাত্মক হুমকি সৃষ্টি করে। আজকের এই অভিযানকে সাধুবাদ জানিয়েছেন সাধারণ মানুষ। প্রশাসনের এই কড়া পদক্ষেপের ফলে অসাধু কারবারিরা সতর্ক হবে বলে মনে করা হচ্ছে। অভিযান শেষ না হওয়া পর্যন্ত তল্লাশি চলবে বলে পুলিশ সূত্রে খবর।








